পায়ের আঙুলের স্ট্রেস ফ্র্যাকচার থেকে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা না থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতের বাঁ-হাতি ব্যাটার সাই সুদর্শন।

গত ৪ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ে ভারতীয় ক্রিকেট দল। ফিটনেস পরীক্ষায় পাস করার শর্তে দলে থাকলেও শ্রীলঙ্কা সফরে উড়াল দেননি সুদর্শন। ব্যাঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্সে (সিওই) ফিট হয়ে ওঠার লড়াইয়ে ছিলেন তিনি।

কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবেন না সুদর্শন।

গত জুলাইয়ে ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে পায়ের আঙুলে স্ট্রেস ফ্র্যাকচার হয় সুদর্শনের। লঙ্কান সফর শেষে দেশে ফেরার পর সিওই’তে যোগ দেন তিনি। ‘এ’ দলের হয়ে লঙ্কান সফরে ব্যাট হাতে ছন্দে ছিলেন সুদর্শন। চার ইনিংসে দুই সেঞ্চুরিতে ৩৩২ রান করেন তিনি।

২০২৫ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় সুদর্শনের। এখন পর্যন্ত ৭ টেস্টে ৩ হাফ-সেঞ্চুরিতে ৩৮৩ রান করেছেন তিনি। ভারতের হয়ে ৩ ওয়ানডেতে ১২৭ রান আছে ২৪ বছর বয়সী এই ব্যাটারের।

সুদর্শনের সাথে ফিটনেস পরীক্ষায় পাস করার শর্তে দলে রাখা হয়েছিল পেসার জাসপ্রিত বুমরাহকে। হাঁটুর ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় গত সপ্তাহে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে যান বুমরাহও। তার বদলি হিসেবে জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নাবিকে টেস্ট সিরিজের দলে নিয়েছে ভারত।

সুদর্শনের বদলি শিগগিরই ঘোষণা করবে বিসিসিআই।

আগামী ১৫ আগস্ট থেকে গল-এ প্রথম টেস্ট খেলতে নামবে ভারত ও শ্রীলঙ্কা। ২৩ আগস্ট থেকে কলম্বোতে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল।

সূত্র: বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews