জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিন সোমবার দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার করেন নৌবাহিনীর অ্যাথলেট শিরিন আক্তার। প্রতিযোগীতার শেষ দিনে এসে ২০০ মিটার স্প্রিন্টেও নিজের কারিশমা দেখালেন তিনি। গতকাল বিকালে ঢাকা জাতীয় স্টেডিয়ামে এই ইভেন্টে খেলতে নেমে ফটোফিনিশিংয়ে সেনাবাহিনীর শরিফা খাতুনকে হারিয়ে দ্বি-মুকুট জেতেন শিরিন। ২৪.৯৩ সেকেন্ড সময় নিয়ে দৌঁড় শেষ করে স্বর্ণপদক জেতেন শিরিন। ফেডারেশনের দেওয়া তথ্য মতে, ২৫.০২ সেকেন্ড সময় নিয়ে দৌঁড় শেষ করেছেন শরিফা। ৪ গুনিতক ১০০ মিটার স্প্রিন্টেও ৪৬.৯৩ সেকেন্ড সময় নিয়ে সতীর্থদের নিয়ে স্বর্ণ জেতেন শিরিন। এছাড়া ৪ গুনিতক চারশ’মিটার স্প্রিন্টে চতুর্থ স্বর্ণ জেতেন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। অন্যদিকে বর্ষা নিক্ষেপে গত পরশু ব্যথানাশক ইনজেকশন নিয়ে তুমুল সমালোচনায় ছিলেন নৌবাহিনীর অ্যাথলেট মেহেদী হাসান। তবে একদিন পরে হলেও কাল ডোপ টেস্টে উত্তীর্ণ হয়েছেন তিনি। ফলে ৬৭.৩৫ মিটার দূরত্বে তার গড়া রেকর্ড নিজেরই থাকল।
তিন দিনের জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের খেলা শেষ হয়েছে কাল। আসরে সেরা পুরুষ অ্যাথলেট নির্বাচিত হন বিকেএসপির মো. তামিম হোসেন। তিনি এবারের আসরে লংজাম্প ইভেন্টে ৭.৫৫ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতেন। সেরা নারী অ্যাথলেটের পুরস্কার পান নৌবাহিনীর স্বপ্না খাতুন। তিনি লংজাম্প ইভেন্টে ৬.২৫ মিটার দূরত্ব অতিক্রম করে ২২ বছর পর নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন। এবারের জাতীয় অ্যাথলেটিক্সে নতুন রেকর্ড হয়েছে ৯ টি। ২১টি স্বর্ণ, ১৬টি রুপা ও ১০টি ব্রোঞ্জপদক জিতে সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ১৭টি স্বর্ণ এবং ২০ করে রৌপ্য ও ব্রোঞ্জপদক জিতে রানার্সআপ সেনাবাহিনী।