ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা লড়াই এখন রোমাঞ্চের চূড়ান্ত শিখরে। দীর্ঘ ২০০ দিন পর আর্সেনালকে হটিয়ে টেবিলের শীর্ষে আরোহণ করলো ম্যানচেস্টার সিটি। বুধবার বার্নলির মাঠে ১-০ গোলের ঘামঝরানো জয়ে লীগ টেবিলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সিটিজেনরা। বর্তমানে সমান ৩৩ ম্যাচে সিটি ও আর্সেনাল উভয় দলের পয়েন্টই সমান ৭০। গোল ব্যবধানেও (+৩৭) সমান তারা। তবে বেশি গোল করার (সিটি ৬৬, আর্সেনাল ৬৩) সুবাদে গানারদের দুইয়ে ঠেলে শীর্ষে জায়গা করে সিটিজেনরা। প্রিমিয়ার লীগের ইতিহাসে ৩৩ ম্যাচ শেষে শীর্ষে ওঠার পর কখনওই শিরোপা হাতছাড়া করেনি ম্যান সিটি। সেই ইতিহাসই মূলত আর্সেনাল ভক্তদের কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে। ম্যাচে অনেকগুলো সুযোগ নষ্ট করলেও শিষ্যদের নিবেদনে খুশি সিটি কোচ পেপ গার্দিওলা। ম্যাচের পর তিনি বলেন, ‘আমরা সত্যিই ভালো খেলেছি। দুর্ভাগ্যজনকভাবে অনেক সুযোগ নষ্ট করলেও, দ্বিতীয়ার্ধে আমরা রক্ষণে আরও ভালো ছিলাম এবং সমস্যাও কম হয়েছে। আমরা তিন পয়েন্ট পেয়েছি, লীগের শীর্ষে আছি।
অবশ্যই আরও ভালো করা যায়, তবে ছেলেরা সবকিছুই উজাড় করে দিয়েছে।’ টার্ফ মুর স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই বার্নলি রক্ষণে কাঁপন ধরান আর্লিং ব্রুট হালান্দ। ম্যাচের পঞ্চম মিনিটে জেরেমি ডোকুর পাস থেকে পাওয়া বল প্রতিপক্ষের দু’জনকে পেছনে ফেলে জালে জড়ান এই নরওয়েজিয়ান তারকা। লীগে এটি তার ২৪তম গোল। পুরো ম্যাচে সফরকারীরা আক্রমণের পসরা সাজালেও, বার্নলি গোলকিপার মার্তিনের বীরত্বে ব্যবধান আর বাড়েনি। তবে হালান্দের ওই এক গোলই সিটিকে চূড়ায় উঠিয়ে রাখে।
জয়ের রাতে অনন্য এক রেকর্ড গড়েছেন সিটির পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্দো সিলভা । ম্যান সিটির হয়ে প্রিমিয়ার লীগে সবচেয়ে বেশি ২১৫টি ম্যাচ জয়ের মালিক এখন এককভাবে তিনি। এর আগে ২১৪ জয় নিয়ে ক্লাব কিংবদন্তি ডেভিড সিলভার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। সিটির উল্লাসের রাতে বিষাদ নেমে আসে বার্নলি শিবিরে। এদিনের হারে প্রিমিয়ার লীগ থেকে তাদের অবনমন নিশ্চিত হয়ে গেছে। ৩৪ ম্যাচে মাত্র ২০ পয়েন্ট নিয়ে তলানির দ্বিতীয় দল হিসেবে মাঠ ছাড়ে স্কট পার্কারের শিষ্যরা।
শতবর্ষী লজ্জার পর বরখাস্ত চেলসি কোচ
ব্রাইটনের বিপক্ষে মঙ্গলবার ৩-০ গোলের হার চেলসিকে ১১৪ বছর আগের এক অন্ধকার অধ্যায়ে ফিরিয়ে নিয়ে যায়। ১৯১২-এর নভেম্বরে টানা পাঁচ লীগ ম্যাচ হারের পথে গোল করতে ব্যর্থ হয় চেলসি। ১১৪ বছর পর প্রথমবারের মতো সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হওয়ার পর বরখাস্ত করা হয়েছে কোচ লিয়াম রোজেনিয়রকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ বিষয়ে নিশ্চিত করে চেলসি।