অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটলেও মাঝে মধ্যে উপস্থাপনায়ও দেখা যায় তানজিকা আমিনকে। এবার মাছরাঙা টেলিভিশনের রান্নাবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে হাজির হয়েছেন তিনি। ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’ নামের এ অনুষ্ঠানটি প্রচার হচ্ছে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। বাংলাদেশের ঐতিহ্যবাহী ১১৮টি রান্নার রেসিপি নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খাবারের রেসিপি উপস্থাপন করবেন রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র বিভিন্ন সিজনের শীর্ষ রন্ধনশিল্পীরা। প্রতি পর্বে দু’টি করে রেসিপি থাকবে। এ অনুষ্ঠানের মাধ্যমে আবার উপস্থাপনায় আসা সম্পর্কে তানজিকা বলেন, ‘অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাটা আমি উপভোগ করি, বিশেষ করে অনুষ্ঠানের কনসেপ্ট যদি পছন্দ হয়। এ অনুষ্ঠানটির ভাবনা এবং আয়োজন আমাকে আকৃষ্ট করেছে। তাই কাজটি করতে সম্মত হয়েছি। আশা করি, দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করবেন।’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান খান।