দিনাজপুরে হঠাৎ লেবুর দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। জেলার হাকিমপুর বাজারে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ টাকায়। দিনাজপুর শহরের বিভিন্ন বাজারে একই লেবু বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
ব্যবসায়ী ও ক্রেতারা জানান, মাত্র দুদিন আগেও হাকিমপুরে প্রতি হালি (চারটি) লেবু বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকায়। বুধবার সকাল থেকে সেই একই লেবুর দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়। প্রায় সব দোকানেই একই দামে বিক্রি হতে দেখা গেছে।
হিলি বাজারের ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, আগে প্রতিদিন পর্যাপ্ত লেবু বাজারে আসত। বর্তমানে আমদানি কমে যাওয়ায় পাইকারি বাজারেই দাম বেড়ে গেছে। বেশি দামে কিনতে হচ্ছে বলেই খুচরা বাজারে দাম বাড়াতে হচ্ছে।
আরেক বিক্রেতা মোতালেব হোসেন জানান, ‘আমরা ইচ্ছে করে দাম বাড়াইনি। পাইকারিতে দাম প্রায় দ্বিগুণ হওয়ায় খুচরায় প্রভাব পড়েছে।’ সরবরাহ স্বাভাবিক হলে দামও কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ক্রেতাদের অভিযোগ, বাজারে নিয়মিত তদারকি না থাকায় অল্প সময়ের মধ্যে এমন মূল্যবৃদ্ধি হচ্ছে। তারা বলছেন, প্রশাসনের কঠোর নজরদারি থাকলে অযৌক্তিক দাম বাড়ানো সম্ভব হতো না।
লেবু কিনতে আসা গৃহিণী রহিমা খাতুন বলেন, ‘একদিন আগে ২৫ টাকায় এক হালি লেবু কিনেছি। আজ একই লেবু ৬০ টাকা চাওয়া হচ্ছে। এত দ্রুত দাম বাড়া সত্যিই চিন্তার বিষয়।’
অনেক ক্রেতা আশঙ্কা করছেন, বাজার পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে।
বিডি-প্রতিদিন/এমই