ঢাকা, ৩ ফেব্রুয়ারি – ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বা টিআইবির লোকজন সবকিছু দেখতে পায় না এবং তাদের দিব্যদৃষ্টি বা ভালো দৃষ্টি নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গত সোমবার টিআইবি এক প্রতিবেদনে উল্লেখ করেছিল যে বর্তমান সরকার যতটা দৃশ্যমান উন্নয়ন দেখাচ্ছে বাস্তবে সংস্কার ততটা হয়নি। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে অর্থ উপদেষ্টা বলেন যে টিআইবির লোকজন সবকিছু দেখতে পারে না এবং তারা দেখতে চাইলেও অনেক কিছু তাদের নজরে আসে না।
তিনি উল্লেখ করেন যে সংস্কার শুধু আইনকানুনের বিষয় নয় বরং অনেক প্রক্রিয়া সহজ করা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন আগে বাইরের ওয়েজ স্কিম পারমিশন নিতে হতো যা এখন স্বয়ংক্রিয় করা হয়েছে এবং এসব পরিবর্তনগুলো নজরে আনা উচিত।
একসময় টিআইবির প্রশংসা করলেও ক্ষমতায় গিয়ে তাদের ভিন্ন চোখে দেখছেন কি না এমন প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ জানান যে তিনি বদনাম করছেন না তবে মৌলিক বিষয়গুলো দেখার আহ্বান জানাচ্ছেন। তিনি দাবি করেন যে বাইরে থাকার সময়ও তিনি সবসময় মৌলিক বিষয়ের ওপর কথা বলেছেন এবং অপ্রাসঙ্গিক সমালোচনা করেননি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সংস্কার কমিশনের সদস্য ছিলেন স্মরণ করিয়ে দেওয়া হলে অর্থ উপদেষ্টা বলেন মানুষের প্রত্যাশা অবশ্যই আছে তবে সংস্কার করতে হলে সবার সহযোগিতা ও সঠিক প্রক্রিয়া প্রয়োজন।
তিনি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন যে তিনি সিভিল সার্ভিসে ছিলেন এবং জানেন কীভাবে কাজ করতে হয় তবে সবার সেই অভিজ্ঞতা নেই। তিনি স্বীকার করেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করা সত্যিই কঠিন কারণ এখানকার প্রক্রিয়াগুলো অত্যন্ত জটিল এবং নানা সমস্যায় জর্জরিত।
আমলাতান্ত্রিক জটিলতা প্রসঙ্গে তিনি বলেন যে আমলাতন্ত্রের পাশাপাশি যারা সিস্টেম ও আইন তৈরি করেছেন তারাও ঠিকমতো করেননি। উদাহরণ হিসেবে তিনি ব্যাংকিং খাতের পরিচালক নিয়োগের পুরনো নিয়মের সমালোচনা করেন এবং বলেন যে পেছনের দিকে যাওয়ার প্রবণতা বাদ দিয়ে সামনে এগোতে হবে।
এনএন/ ৩ ফেব্রুয়ারি ২০২৬