সিলেটে একদিনে আরও ৩৬ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের ১৪টি হাসপাতালে এই রোগের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছ ১১০ জনে। আর হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সিলেটে মারা গেছেন ৩ শিশু।

স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় অফিস এ তথ্য নিশ্চিত করেছে। 

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত আরও একজন সনাক্ত হয়েছেন। আর এ নিয়ে সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন ৪২ জন। 

সিলেটে ল্যাব টেস্টের সুযোগ না থাকায় উপসর্গ নিয়ে আসা রোগীদের হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। কোন রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করে রিপোর্ট আনা হচ্ছে। 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে আরও ৩৬ জন শিশু ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে ২২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছেন। 

রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের ১৪টি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ১১০ জন। এর মধ্যে সর্বোচ্চ ৬০ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। 

এছাড়া বিভাগের অন্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসাধীন আছেন।

এ ছাড়া ১ জন করে ভর্তি আছেন মাউন্ট এডোরা হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তিনজনই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews