হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে এবারও বিশ্বকাপে নেমেছিল ব্রাজিল। কিন্তু সেই স্বপ্ন শেষ ষোলোতেই থেমে যায়। নরওয়ের কাছে হেরে বিদায় নেয় সেলেসাওরা। দলের এমন হতাশাজনক বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে সহানুভূতি কুড়িয়েছিলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। এবার তিনি আলোচনায় সম্পূর্ণ ভিন্ন কারণে।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে ৪ গোল করা এই রিয়াল মাদ্রিদ তারকা মুখের গঠন পরিবর্তনের জন্য ‘চিন হারমোনাইজেশন’ নামে একটি কসমেটিক প্রক্রিয়া করিয়েছেন বলে জানিয়েছে ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম। চিকিৎসার পর তাঁর নতুন চেহারার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেক সমর্থকের মন্তব্য, ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না।
প্রকাশিত ছবিতে দেখা যায়, আগের তুলনায় তাঁর চিবুক বা থুতনি ও চোয়ালের গঠন অনেক বেশি স্পষ্ট। অনেকেই মজা করে বলেছেন, নতুন চেহারায় তাঁকে ব্রাজিলের সাবেক মিডফিল্ডার রামিরেসের মতো দেখাচ্ছে!