গাড়ি চলাচলের সময় আমরা সচরাচর ঠিক কোন আসনে বসা নিরাপদ তা ভাবি না। তবে অটোমোবাইল বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী, যাত্রীদের সুরক্ষার দিক থেকে গাড়ির পেছনের মাঝখানের আসনটি সবচেয়ে নিরাপদ। বড় কোনো দুর্ঘটনা ঘটলেও এই আসনে বসা যাত্রীর গুরুতর আহত হওয়ার সম্ভাবনা কম থাকে।
গাড়ির পেছনের মাঝখানের আসন চারপাশের বিপজ্জনক অংশ থেকে সবচেয়ে দূরে থাকে। সামনের সংঘর্ষে গাড়ির বাম্পার ও ইঞ্জিন অংশ আঘাত শোষণ করে, পাশের দরজা বা প্যানেলের দিকে ধাক্কা গেলে পাশে থাকা যাত্রী বেশি ঝুঁকিতে থাকে। কিন্তু মাঝখানের আসন সরাসরি আঘাত থেকে দূরে অবস্থান করে, তাই যাত্রীকে বেশি নিরাপত্তা দেয়।
আন্তর্জাতিক সংস্থা আইআইএইচএসের এক গবেষণায় দেখা গেছে, গাড়ির সামনের বা পেছনের অন্য আসনের তুলনায় মাঝখানে বসলে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ঝুঁকি প্রায় ২৫-৩০ শতাংশ কমে যায়। আধুনিক গাড়িতে মাঝখানের আসনে সিট বেল্ট থাকে এবং কিছু গাড়িতে পাশের এয়ারব্যাগের সুরক্ষাও এখানে পৌঁছায়।
তবে গাড়ির ধরন অনুযায়ী এটি পরিবর্তন হতে পারে। যেমন-সেডান গাড়ির ক্ষেত্রে পেছনের মাঝখানের আসন সবচেয়ে নিরাপদ। মুখোমুখি বা পাশের ধাক্কা লাগলেও এই আসনের যাত্রী সরাসরি আঘাত থেকে রক্ষা পায়। তবে এসইউভি, পিকআপ বা মিনিভ্যানে নিরাপত্তার ধরন কিছুটা ভিন্ন। উচ্চ গাড়িতে পেছনের পাশের আসনগুলোও মাঝখানের মতো নিরাপদ হতে পারে, বিশেষ করে সেখানে এয়ারব্যাগ থাকলে। মিনিভ্যানে দ্বিতীয় সারি সামনের ধাক্কা থেকে দূরে থাকার কারণে নিরাপদ হয়, যেখানে শেষের সারি ঝুঁকিপূর্ণ।
দুর্ঘটনার ধরন এবং বসার ভঙ্গি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুখোমুখি সংঘর্ষ, পাশ থেকে ধাক্কা বা গাড়ি উল্টে যাওয়ার পরিস্থিতিতেও পেছনের মাঝখানের আসন সবচেয়ে নিরাপদ। তবে সিট বেল্ট সঠিকভাবে ব্যবহার না করলে এই সুবিধা হারিয়ে যায়। বসার ভঙ্গিও গুরুত্বপূর্ণ সঠিকভাবে সোজা বসা এবং মাথা আসনের সঙ্গে সামঞ্জস্য রাখা জরুরি। সামনের দিকে ঝুঁকে থাকা বা পা ড্যাশবোর্ডে রাখা বিপজ্জনক।
যদিও নিরাপত্তা কেবল আসনের ওপর নির্ভর করে না। গাড়ি চালানোর ধরন সবচেয়ে বেশি প্রভাব ফেলে। অতিরিক্ত গতি, মনোযোগ হারানো, ফোন ব্যবহার বা ক্লান্ত শরীরে গাড়ি চালানো দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। একইভাবে গাড়ির যত্ন নেওয়া যেমন ব্রেক, টায়ার বা মেকানিক্যাল চেক অপরিহার্য।
এছাড়া আপনি সিট বেল্ট না পরলে বিশ্বের সবচেয়ে নিরাপদ আসনটিও কোনো কাজে আসবে না। সিট বেল্ট ভুলভাবে পরলে আঘাতের ঝুঁকি অনেক বেড়ে যায়। বেল্ট লাগাতে মাত্র তিন সেকেন্ড সময় লাগে, যা আপনার জীবনের জন্য অনেক মূল্যবান।
বর্তমান আধুনিক গাড়িতে রয়েছে বিভিন্ন সক্রিয় নিরাপত্তা ব্যবস্থা। লেন থেকে বের হওয়ার বা অদৃশ্য জায়গায় যানবাহন থাকলে গাড়ি সতর্ক করে, হঠাৎ বাধা এলে স্বয়ংক্রিয়ভাবে ব্রেক প্রয়োগ করে দুর্ঘটনা এড়াতে সাহায্য করে। এছাড়া গাড়ির কাঠামো এমনভাবে তৈরি করা হয়, যাতে বাইরের ধাক্কা শোষণ হয় এবং যাত্রীরা কম চোট পান। এছাড়া এয়ারব্যাগ থাকে এখন বেশিরভাগ গাড়িতে, যা দুর্ঘটনার সময় যাত্রীকে রক্ষা করতে সাহায্য করে।
সূত্র: রিডার্স ডাইজেস্ট
আরও পড়ুন
কতদিন পর পর গাড়ি পরিষ্কার করানো ভালো
এক চার্জে প্রায় ৮০০ কিলোমিটার চলবে মার্সিডিজের নতুন ইভি
কেএসকে