বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে বিএনপি সরকার ইতিপূর্বে জনগণকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, আগামী দুই বছর বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করার প্রতিশ্রুতি দিয়েও আজ সরকার ১৯.৮৫ শতাংশ বৃদ্ধি করে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ফলে জনদুর্ভোগ আশংকাজনক ভাবে বৃদ্ধি পাবে।

বুধবার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে এক কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় দেশের সামগ্রিক সংকটের চিত্র তুলে ধরে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি সর্বস্তরের জনগণের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। একদিকে জ্বালানি তেলের মূল্য বারবার বৃদ্ধি পাওয়ায় মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে, অন্যদিকে ব্যাংকিং খাত, সীমান্ত নিরাপত্তা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। জ্বালানির এই নতুন মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ব্যয় এবং কৃষি উৎপাদন খরচ যেহারে বাড়বে, তাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ব্যাংকিং খাতের চলমান সংকট ও গ্রাহকদের ওপর বলপ্রয়োগের সমালোচনা করে তিনি বলেন, সম্প্রতি ইসলামী ব্যাংকের আমানতকারী ও সাধারণ গ্রাহকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বলপ্রয়োগ, লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। নিজের কষ্টের উপার্জিত আমানতের নিরাপত্তা চাওয়া এবং ব্যাংকিং খাতের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা কোনো অপরাধ নয়; বরং এটি তাদের ন্যায্য ও সাংবিধানিক অধিকার। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত হোক এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিতের দাবি জানাচ্ছি। দেশের সীমান্ত নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্বের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, সীমান্তে কথিত ‘পুশইন’-এর মতো যেসব ঘটনা ঘটছে, তা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য নতুন এক প্রশ্ন খাড়া করছে। জাতীয় স্বার্থ রক্ষায় সরকারকে কোনো ধরনের আপস না করে আরও কার্যকর, দৃঢ় ও বলিষ্ঠ কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।

কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর আ.স.ম. শাহারিয়ার চৌধুরীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, বড়ঘোপ ইউনিয়নের সভাপতি আহমদ নুর, সেক্রেটারি মাওলানা শামসুল আলম প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews