‘এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নামিবিয়াকে ৩১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলার আশা বাঁচিয়ে রাখল যুক্তরাষ্ট্র।

৪ ম্যাচে ২টি করে জয় ও হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। গ্রুপে অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সুপার এইটে খেলা। ৩ ম্যাচের সবগুলোতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো নামিবিয়া।

চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ও সঞ্জয় কৃষ্ণমূর্তির জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৯ রানের বড় সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে ও নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ তাদের।

৩টি করে চার-ছক্কায় ৩০ বলে ৫২ রান করেন প্যাটেল। চার নম্বরে নেমে ২০৬ স্ট্রাইক রেটে ৩৩ বলে ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলেন কৃষ্ণমূর্তি। তার ইনিংসে ৪টি চার ও ৬টি ছক্কা ছিল।

নামিবিয়ার উইলেম মাইবার্গ ও জেরার্ড এরাসমুস ২টি করে উইকেট নেন।

২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ১২ ওভারে ২ উইকেটে ১০৯ রান তুলে দারুণ জবাব দিচ্ছিল নামিবিয়া।

কিন্তু মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রানের বেশি তুলতে পারেনি নামিবিয়া। দলের হয়ে ওপেনার লোরেন স্টিনক্যাম্প ৩৯ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন। যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শাকউইক ২ উইকেট শিকার করেন।

ব্যাট হাতে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন যুক্তরাষ্ট্রের কৃষ্ণমূর্তি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews