মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় আহতাবস্থায় মহাবিপন্ন একটি বন্য চিতা বিড়াল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ মে) দুপুরে উপজেলার শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম সংলগ্ন এলাকা থেকে আহত চিতা বিড়ালটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বিষয়টি নিশ্চিত করে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, জাহান ও মিলন নামের দুই ব্যক্তি সড়ক দিয়ে যাওয়ার সময় একটি প্রাণীকে প্রায় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে তিনি পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও নিরব নাগকে সাথে নিয়ে ঘটনাস্থল থেকে প্রাণীটিকে উদ্ধার করেন।
উদ্ধারের পর আহত চিতা বিড়ালটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে প্রাণীটি কিছুটা সুস্থ হলেও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। তবে শুক্রবার হওয়ায় বন্যপ্রাণী চিকিৎসক না পাওয়ায় তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান স্বপন দেব সজল।
তিনি বলেন, ‘মহাবিপন্ন এই প্রাণীটিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। চিকিৎসার পর পুরোপুরি সুস্থ হলে চিতা বিড়ালটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।’
তিনি জানান, এটি বাংলাদেশের বিরল ও মহাবিপন্ন বন্যপ্রাণীদের অন্যতম। ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কোনো গাড়ির ধাক্কায় প্রাণীটি গুরুতর আহত হয়ে সড়কের পাশে পড়ে ছিল।
এদিকে প্রকৃতিপ্রেমী তারিক হাসান বলেন, ‘মানুষের অসচেতনতা ও দ্রুতগতির যানবাহনের কারণে বনাঞ্চলের নীরব প্রাণীগুলো প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে।’
তাই বনাঞ্চল সংলগ্ন সড়কে সতর্কভাবে যানবাহন চালানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।