টি-টোয়েন্টি ক্রিকেটের সংজ্ঞাই যেখানে বদলে দিয়েছে ব্যাটারদের আগ্রাসন! ২০০ রানও যেখানে নিরাপদ নয়, সেখানে ৮৫ রান করে কোনো দল শিরোপা জিতবে- এমন কল্পনাও কঠিন! কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। রুদ্ধশ্বাস এক লো-স্কোরিং ফাইনালে স্যান ফ্র্যান্সিসকো ইউনিকর্নসকে হারিয়ে গড়েছে টি-টোয়েন্টি ইতিহাসের অনন্য এক নজির। রোববার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগের ফাইনালে মাত্র ৮৫ রান করেও ৬ রানের জয় তুলে নিয়েছে গায়ানা।

এর ফলে, টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো স্বাগতিকেরা। একই সাথে এটি হয়ে গেল স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ১০০ রানের কম স্কোর করে জয়ের প্রথম ঘটনা।

এর আগে, ২০২৩ সালের ওয়েস্ট আফ্রিকা ট্রফির ফাইনালে নাইজেরিয়া ১০৩ রান করে রুয়ান্ডাকে হারিয়ে সর্বনিম্ন স্কোরে শিরোপা জয়ের রেকর্ড গড়েছিল। সেই রেকর্ড এবার অনেকটাই নিচে নামিয়ে আনল গায়ানা।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরু থেকেই ভয়াবহ বিপর্যয়ে পড়ে গায়ানা। পাওয়ার প্লের মাঝে ৪ উইকেট হারানোর পর আরো দ্রুত ভাঙে ব্যাটিং লাইনআপ। মাত্র ৮.৩ ওভারে ২৯ রান তুলতেই হারিয়ে ফেলে ৮ উইকেট।

প্রথম আট ব্যাটারের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। তবে সেখান থেকেই ম্যাচে ফেরার গল্প লেখেন শেষের সারির ব্যাটাররা। নবম উইকেটে ডোয়াইন প্রিটোরিয়াস ও ম্যাথু ফোর্ড গড়েন ৪১ রানের মহামূল্যবান জুটি।

ফোর্ড ২৩ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ২টি চার ও ২টি ছক্কা। প্রিটোরিয়াস করেন ৩০ বলে ১৭ রান। ১১ নম্বরে নেমে ইমরান তাহিরও ১১ বলে ১১ রান যোগ করে দলকে ৮৫ রানের লড়াকু সংগ্রহ এনে দেন।

স্যান ফ্র্যান্সিসকোর হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অনিরুদ্ধ এমানুয়েল। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন ৩ উইকেট। পিটার সিডলও ১৮ রানে ৩ উইকেট শিকার করেন।

মাত্র ৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে তিন উইকেট হারালেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্যান ফ্র্যান্সিসকো। একসময় ৩ উইকেটে ৫৩ রান তুলে জয়ের খুব কাছাকাছিই পৌঁছে গিয়েছিল তারা।

কিন্তু দশম ওভারের শেষ বলে সঞ্জয় কৃষ্ণমূর্তি আউট হওয়ার পরই ম্যাচ ঘুরে যায়। পরের কয়েক ওভারে মাত্র ৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ৫৮ রানে ৮ উইকেটের দলে পরিণত হয় ইউনিকর্নস। অলিভার পিক ২৮ বলে সর্বোচ্চ ৩১ রান করলেও অন্য কেউ তাকে সঙ্গ দিতে পারেননি।

শেষদিকে পিটার সিডল ২২ বলে অপরাজিত ১৩ রান করে লড়াই চালিয়ে গেলেও তাতে লাভ হয়নি। নির্ধারিত ওভার শেষ হওয়ার ৯ বল আগেই ৭৯ রানে অলআউট হয়ে যায় স্যান ফ্র্যান্সিসকো।

গায়ানার হয়ে দুর্দান্ত বোলিং করেন মোহাম্মদ নবী। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। ডোয়াইন প্রিটোরিয়াস ২৪ রানে শিকার করেন আরো ৩ উইকেট আর অভিজ্ঞ লেগ স্পিনার ইমরান তাহির নেন ২ উইকেট।

ব্যাট ও বল-দুই বিভাগেই গুরুত্বপূর্ণ অবদান রেখে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস। আর পুরো টুর্নামেন্টে ১০ উইকেটের সাথে ৫৩ রান করে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।

ব্যাটারদের দাপটের যুগে বোলারদের আধিপত্যে লেখা এই ফাইনাল তাই শুধু একটি শিরোপা জয়ের গল্প নয়, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার মতো এক বিরল অধ্যায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews