জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার (১৭ মার্চ) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে সঙ্গে নিয়ে রাজধানীর মিরপুরে দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। রাজনৈতিক শিষ্টাচার ও জনকল্যাণমূলক এই উদ্যোগ সুধীমহলে বেশ প্রশংসিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় মিরপুর-১০ এর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফুডপ্যাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে তার সঙ্গে যোগ দেন ঢাকাস্থ চীনা দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, "বিরোধীদল যে কেবল আন্দোলনের জন্যই নয়, বরং জনগণের কল্যাণেও নিবেদিত হয়ে কাজ করতে পারে, জামায়াত ইসলামীসহ ১১ দল সেই উদাহরণ তৈরি করতে চায়।" মিরপুরের স্থানীয় দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া এই খাদ্য সহায়তাগুলো চীনের পক্ষ থেকে বন্ধুত্বের উপহার হিসেবে প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে শিশুদের উপস্থিতি। ডা. শফিকুর রহমান কোমলমতি শিশুদের কোলে তুলে নেন এবং তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটান। তিনি নিজ হাতে শিশুদের মাঝে নতুন পোশাক ও ঈদ সেলামি তুলে দেন। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে এই মানবিক উদ্যোগে অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, স্কুল মাঠে সুশৃঙ্খলভাবে চেয়ারের ওপর ফুডপ্যাকগুলো সারিবদ্ধ করে রাখা হয়েছিল। এক হাজারের খাবার প্যাকেট বিতরণের পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। জামায়াত আমিরের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার পথে এক ধাপ এগিয়ে যাওয়া।

একই সাথে বিদেশি কূটনীতিকদের সঙ্গে নিয়ে এ ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর কূটনৈতিক ও সামাজিক গ্রহণযোগ্যতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন দলটির নেতা কর্মীরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews