আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল সমমান পদে দুই প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন মার্জিনা রায়হান (মদিনা) ও মোহাম্মদ জহিরুল আমিন। অন্যদিকে প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করেছেন।
সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ নতুন দুই প্রসিকিউটরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তাতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ অনুসারে ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মার্জিনা রায়হান ও মোহাম্মদ জহিরুল আমিনকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নিয়োগ প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অন্যদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে আইন ও বিচার বিভাগ বলেছে, ২০২৪ সালের ৭ই অক্টোবর ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে নিয়োগকৃত সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণপূর্বক তাকে এই পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো।
পদত্যাগের বিষয়ে সাইমুম রেজা তালুকদার মানবজমিনকে বলেন, তিনি আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজকে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এখন শিক্ষকতা পেশায় ফিরবেন। এই পদত্যাগের কারণে তার অধীনে থাকা মামলা গুলো কোনো ক্ষতিগস্তে হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে কোনো মামলা কয়েকজন প্রসিকিউটর মিলে পরিচালনা করেন। এখানে টিম আকারে কাজ করা হয়। সুতরাং কোনো প্রসিকিউটরের পদত্যাগের কারণে মামলা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। একই বছরের ৭ই অক্টোবর সাইমুম রেজা তালুকদার ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন।