পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি বাংলাদেশের খুলনা ও যশোর অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার যে বক্তব্য দিয়েছেন তা দেশের প্রতি চরম হুমকি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২৯ মার্চ) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, ‘সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য্য বাংলাদেশের খুলনা ও যশোর অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার উসকানিমূলক মন্তব্য করেছেন। আমরা তার বাংলাদেশের অখণ্ডতাবিরোধী এবং উগ্র ও অগ্রহণযোগ্য মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি এই ধরনের বক্তব্য দিয়ে আন্তর্জাতিক নীতি ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সম্পর্কের মূলে কুঠারাঘাত করেছেন। এতে তার উগ্র মানসিকতার নির্লজ্জ প্রকাশ পেয়েছে, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি চরম হুমকি।’

রাজনৈতিক উদ্দেশ্যে সীমান্তে বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রভাবিত করার প্রচেষ্টাকে মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করে জামায়াত সেক্রেটারি বলেন, ‘বাংলাদেশ সীমান্তে ভারতের চলমান সামরিক কার্যক্রম, ভারতীয় স্যাটেলাইটের পর্যবেক্ষণ এবং ধর্মীয় উসকানি ছড়ানোর কর্মকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ। আমরা বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করছি যে, এসব প্রক্রিয়া বাংলাদেশের সীমান্তবর্তী জনগণের মধ্যে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি করছে।’

ভারতীয় নেতাদের সতর্ক করে দিয়ে গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি কোনোরকম হস্তক্ষেপকে বাংলাদেশের জনগণ কঠোরভাবে প্রত্যাখ্যান করে এবং আমরা আশা করছি, বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রতিকার গ্রহণে কোনো দ্বিধা করবে না।’

‘আমরা ভারতের রাজনৈতিক নেতৃত্বকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে আন্তর্জাতিক আইন ও নিয়মনীতি মেনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি তার এই উগ্র মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি,’ যোগ করেন তিনি।

জামায়াত সেক্রেটারি বিজিবি নেতার উসকানিমূলক বক্তব্যের কড়া জবাব দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। সেই সঙ্গে যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা জোরদারের প্রতি দৃঢ় অবস্থান নেওয়ার দাবি জানান।

আরএএস/একিউএফ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews