ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর শেষ ম্যাচে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। কানসাস সিটির মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল উপহার দেয় ডাচরা।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। এর ফলও পেয়ে যায় দ্রুত। তৃতীয় মিনিটে তিউনিসিয়ার মিডফিল্ডার ইলিয়াস স্খিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। এই ধাক্কা সামলে ওঠার আগেই সপ্তম মিনিটে ব্রায়ান ব্রবি গোল করে ব্যবধান ২-০ করেন।

প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়া তিউনিসিয়া বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৫৪তম মিনিটে হাজেম মাস্তুরির গোল করে ব্যবধান ২-১ এ নামিয়ে আনেন। এতে ম্যাচে ফেরার আশা জাগে আফ্রিকার দলটির।

তবে সেই আশা বেশিক্ষণ টিকতে দেয়নি নেদারল্যান্ডস। ৬২তম মিনিটে তিজানি রেইন্ডার্সের দারুণ পাস থেকে ইয়ান পল হেকার গোল করে দলের জয় নিশ্চিত করেন। এরপর ম্যাচের বাকি সময়ে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে সহজেই ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় ডাচরা।

এই জয়ের ফলে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এফ’-এর চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। একই সঙ্গে দাপটের সাথে নিশ্চিত করেছে ‘রাউন্ড অব ৩২’-এর টিকিট।

অন্যদিকে তিন ম্যাচ শেষে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থাকা তিউনিসিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews