মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, সৌদি আরবে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে ৪১ বছর বয়সী এই ফুটবলারের ব্যক্তিগত উড়োজাহাজ সোমবার রাতে দেশ ছেড়েছে।

তবে ‘প্রেস অ্যাসোসিয়েশন’-এর তথ্য অনুযায়ী, রোনালদো এখনো সৌদি আরবেই অবস্থান করছেন।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের পালটা হামলার পরিপ্রেক্ষিতে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদেও। খবর অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুর দিকে ইরানের ড্রোন হামলায় রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস আক্রান্ত হয়েছে।

এমন পরিস্থিতিতে সৌদি আরবে খেলাধুলাসহ বিভিন্ন কার্যক্রমের ওপর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে সৌদি প্রো লিগের সূচি অনুযায়ী, আগামী শনিবার রিয়াদে রোনালদোর ক্লাব আল নাসরের সাথে নিওম (Neom) এফসির ম্যাচটি আপাতত পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী হওয়ার কথা রয়েছে।

আঞ্চলিক অস্থিতিশীলতার প্রভাব অন্যান্য ক্রীড়া ইভেন্টেও স্পষ্ট। সংযুক্ত আরব আমিরাতেও ইরানের পালটা হামলার প্রভাব পড়েছে। সেখানকার ফুজাইরাহতে অনুষ্ঠিত এটিপি চ্যালেঞ্জার টেনিস টুর্নামেন্টের একটি ম্যাচের সময় নিকটবর্তী একটি তেল টার্মিনালে ড্রোন হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে খেলোয়াড়দের তাৎক্ষণিকভাবে কোর্ট থেকে সরিয়ে নেওয়া হয়।

পরবর্তীতে এটিপি এক বিবৃতিতে খেলার স্থগিতাদেশ নিশ্চিত করে। সংস্থার একজন মুখপাত্র জানান, ‘নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী, খেলাটি তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয় এবং খেলোয়াড়, কর্মকর্তা ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘খেলোয়াড়, স্টাফ এবং টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্টদের স্বাস্থ্য ও নিরাপত্তাই আমাদের কাছে অগ্রাধিকার। স্থানীয় কর্তৃপক্ষ ও নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজকের দিনের বাকি সব খেলা বাতিল করা হয়েছে। আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে পরবর্তী আপডেট দেওয়া হবে।’

এছাড়া আঞ্চলিক অস্থিরতার প্রতিফলন দেখা গেছে ইরানি নারী ফুটবল দলের ক্ষেত্রেও। সোমবার অস্ট্রেলিয়ায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এশিয়ান কাপের ম্যাচে ইরানি নারী ফুটবল দলের খেলোয়াড়দের জাতীয় সংগীত গাইতে দেখা যায়নি। ম্যাচটিতে তারা ৩-০ গোলে পরাজিত হয়। আগামী বৃহস্পতিবার টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাদের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews