ক্যাম্প ন্যুতে ইতিহাস গড়ল অ্যাতলেটিকো মাদ্রিদ। দশজনের বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল দিয়েগো সিমিওনের দল। দীর্ঘদিনের হতাশা কাটিয়ে অবশেষে ক্যাম্প ন্যুতে জয় পেল অ্যাতলেটিকো।

২০০৬ সালের পর এই মাঠে বার্সেলোনাকে হারানোর স্বাদ পায়নি তারা, টানা ১৯টি ব্যর্থ চেষ্টার পর এবার সেই অপেক্ষার অবসান হলো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। মার্কাস রাশফোর্ড একাধিক সুযোগ পেলেও গোলের দেখা পাননি। মাঝমাঠে দারুণ নিয়ন্ত্রণ ছিল কাতালানদের, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ভেঙে পড়ে আক্রমণভাগ।

ম্যাচের মোড় ঘুরে যায় ৪৪ মিনিটে। বার্সার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি ফাউল করে লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা। সেই সুযোগটাই কাজে লাগায় অ্যাতলেটিকো। ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ।

একজন কম নিয়েও হাল ছাড়েনি বার্সা। তরুণ তারকা লামিনে ইয়ামাল আক্রমণে গতি আনলেও গোলের দেখা মেলেনি। বারবার সুযোগ তৈরি করেও ব্যর্থ হন রাশফোর্ডসহ অন্যরা। উল্টো ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অ্যাতলেটিকো। বদলি নেমে ক্রস থেকে ভলিতে গোল করেন আলেক্সান্ডার সরলথ। এরপর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি বার্সা।

ম্যাচ হারলেও পুরো ম্যাচে বল দখল ও শট দুই দিকেই এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু লক্ষ্য স্থির শটে জয় তুলে নেয় অ্যাতলেটিকো।

এ জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল সিমিওনের শিষ্যরা। আগামী মঙ্গলবার মেত্রোপলিতানোয় হবে ফিরতি লেগ। অ্যাতলেটিকোর মাঠে দুই গোলের ব্যবধান ঘুচিয়ে পরের ধাপে যাওয়া বার্সেলোনার জন্য হবে কঠিন এক চ্যালেঞ্জ।

বিডি-প্রতিদিন/টিএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews