বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব জীবনের এক নতুন ইনিংস শুরু করলেন। চেক বাউন্স মামলায় দিল্লির তিহার জেল থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পাওয়ার পরই নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল চালুর ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা শেয়ার করে অভিনেতা তার এই নতুন যাত্রার জন্য ভক্তদের আশীর্বাদ ও সমর্থন চেয়েছেন। 

‘রাজপাল নওরং যাদব’ নামে এই চ্যানেলের মূল লক্ষ্য হবে শিশু থেকে বৃদ্ধ—সব বয়সের মানুষের জন্য সুস্থ বিনোদন পৌঁছে দেওয়া। রাজপাল রসিকতা করে জানিয়েছেন, ভালো রক্ত সঞ্চালনের জন্য হাসিখুশি থাকা প্রয়োজন আর তার এই চ্যানেল সেই কাজটাই করবে।

দীর্ঘ তিন দশকের অভিনয় জীবনে রাজপাল যাদব ‘হাঙ্গামা’, ‘ভুল ভুলাইয়া’ এবং ‘চুপ চুপ কে’-এর মতো অসংখ্য সুপারহিট ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি আইনি জটিলতায় তার জেল হওয়ার খবরটি শিরোনামে এলেও, জামিনে মুক্তির পর তিনি আবারও কাজের জগতে ফিরতে মরিয়া।

জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দেশের আপামর জনসাধারণের ভালোবাসা ও সমর্থনই তাকে গত ৩০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রেখেছে এবং প্রায় আড়াইশটি ছবিতে অভিনয়ের সুযোগ করে দিয়েছে। 

আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, গত ১০ বছরে আদালতের প্রতিটি নির্দেশ তিনি পালন করেছেন এবং ভবিষ্যতেও করবেন।

নিজের ভাতিজির বিয়েতে যোগ দেওয়ার জন্য আগামী ১৮ মার্চ পর্যন্ত রাজপালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন দিল্লি হাইকোর্ট। তবে শর্ত হিসেবে তাকে দেড় কোটি রুপির ডিমান্ড ড্রাফট জমা দিতে হয়েছে এবং নিজের পাসপোর্টও আদালতের কাছে সমর্পণ করতে হয়েছে। 

আইনি লড়াই চললেও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি এই অভিনেতা। ভক্তদের উদ্দেশে হিন্দিতে লেখা এক বার্তায় তিনি তাদের অফুরন্ত ভালোবাসা ও পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বিনোদনের এই নতুন মাধ্যমটি তার ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার একটি বড় প্ল্যাটফর্ম হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: মিড-ডে

বিডি প্রতিদিন/কেএইচটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews