রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলে রাতভর প্রায় ৬০০টি ইউক্রেনীয় ড্রোন হামলা হয়েছে। এই হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইউক্রেনে পাল্টা ক্ষেপণাস্ত্র চালিয়েছে রুশ বাহিনীও।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনও হামলার কথা নিশ্চিত করেছেন। রোববার (১৬ আগস্ট) ম্যাক্স প্ল্যাটফর্মে সোবিয়ানিন জানান, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল সাড়ে ৬টা পর্যন্ত মস্কো অঞ্চলের দিকে ৬০০টি ড্রোন উড়ে আসে। এর মধ্যে ২০১টি মস্কো অঞ্চলের আকাশসীমায় ধ্বংস করা হয়েছে। এর আগে এক পোস্টে মেয়র জানান, মস্কোর রিং রোড (এমকেএডি) এলাকায় তিনজন আহত হয়েছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, মস্কোর পোডলস্ক এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। হামলার শিকার হয়েছে রাশিয়ার বৃহত্তম অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি বিশাল গুদাম। এতে মস্কোর প্রধান বিমানবন্দরের কাছে অবস্থিত দোমোদেদোভো শহরের অন্যান্য স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর ধারণ করা ভিডিওতে ওয়াইল্ডবেরিজের কোলেডিনো গুদাম থেকে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, সামরিক সরঞ্জাম লেনদেনের কাজে ওয়াইল্ডবেরিজ ব্যবহার করা হচ্ছিল। ফলে মস্কোর সামরিক অভিযানের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করার অংশ হিসেবেই প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের আকাশসীমায় ইউক্রেনের প্রায় ৮২২টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা।
এদিকে ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলেও রাতভর হামলায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
রোস্তভের গভর্নর ইউরি স্লিউসার জানান, রুশ বাহিনী ওই অঞ্চলের তিনটি শহর ও নয়টি জেলায় ১৫০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
হামলায় কামেনস্কি জেলায় আবাসিক ও শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কামেনস্ক-শাখতিনস্কি শহরের কয়েকটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি আবাসিক ভবন ও শহরের রেলস্টেশনের জানালাও ভেঙে গেছে বলে জানান গভর্নর।
এদিকে রোববার ভোরে কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ইউক্রেনের রাজধানীর অন্তত দুটি জেলায় আগুন লেগেছে বলে জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিচকো।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ক্লিচকো বলেন, উত্তরের একটি উপশহরে ধসে পড়া ধ্বংসাবশেষের কারণে আগুন লেগেছে। বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগেছে এবং শহরের কেন্দ্রের ঠিক দক্ষিণে আরেকটি এলাকায় আগুন লেগেছে।
এর আগে শনিবার রাশিয়ার সামারা অঞ্চলের একটি শিল্প স্থাপনায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলার লক্ষ্য ছিল প্রগ্রেস সেন্টার। এটি মূলত রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের অন্যতম প্রধান স্থাপনা এবং সামরিক মহাকাশ ও যোগাযোগ প্রযুক্তির সঙ্গে সরাসরি যুক্ত।
তিনি দাবি করেন, নিজদের তৈরি ফ্লামিঙ্গো ক্ষেপণাস্ত্র দিয়ে সীমান্ত থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরের এ স্থাপনায় আঘাত হানা হয়েছে। প্রায় ৭০০ কিলোমিটার দূরের সাভাসলেইকা বিমানঘাঁটিতেও হামলার দাবি করেছে কিয়েভ
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার ভূখণ্ডের গভীরে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে ইউক্রেন। এসব হামলায় সামরিক ও শিল্প স্থাপনার পাশাপাশি যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরের ই-কমার্স গুদাম লক্ষ্যবস্তু হয়েছে।
পাল্টা হামলা চালিয়েছে রাশিয়াও। ইউক্রেনের নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের মারহানেতস শহরে একটি আবাসিক ভবনে রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জাপোরিঝঝিয়ায়ও রুশ হামলায়ও কয়েকজন আহত হয়েছেন। ওডেসা অঞ্চলে একটি জুতার কারখানার গুদাম ও ক্যান্টিনে হামলার পর আগুন ধরে যায়।