যুক্তরাজ্যের জাল ভিসা দিয়ে ২৫ লাখ টাকা নেওয়ার অভিযোগে সিলেটের এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার আদালত এ আদেশ দেন।
এর আগে, গত সোমবার বিকেলে শাহপরাণ থানাধীন দাসপাড়া বাজার থেকে গ্রেফতার করে র্যাব। অভিযুক্ত মনির আহমদ (৩৫) শাহপরাণ থানার ইসলামপুরের মৃত আবদুর রউফের ছেলে।
র্যাব জানিয়েছে, মনির আহমদ ও তার সহযোগী মনসুর আলী তালুকদার ‘এমটিআর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন। গোলাপগঞ্জের যোগারকুল এলাকার বাসিন্দা মো. আরিফ আহমেদ ফেসবুকে দেওয়া একটি বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে যোগাযোগ করেন।
আরিফ লন্ডনে যাওয়ার আগ্রহ প্রকাশ করলে মনির ও মনসুর তার সঙ্গে ২৫ লাখ টাকায় চুক্তি করেন। তারা আশ্বাস দেন, দুই থেকে তিন মাসের মধ্যে তাকে লন্ডনে পাঠানো হবে।
চুক্তি অনুযায়ী আরিফ ওই দুই ব্যক্তিকে ২৫ লাখ টাকা পরিশোধ করেন। তবে গত ২১ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার ভিসা জাল হিসেবে শনাক্ত করে।
পরে এ ঘটনায় আরিফ ঢাকা বিমানবন্দর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ওই মামলার পর র্যাব তদন্ত শুরু করে। সে অনুযায়ী সোমবার মামলার আসামি মনির আহমদকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/এমই