পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষামূলক ট্রমা সেন্টারের উদ্বোধন করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত ট্রমা সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ‘দুর্ঘটনায় আহত রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে ট্রমা সেন্টারের বিকল্প নেই।’
তিনি আরো বলেন, ‘এই পরীক্ষামূলক ট্রমা সেন্টার চিকিৎসকদের দক্ষতা বাড়াবে এবং রোগীদের উন্নত সেবা পেতে সহায়তা করবে। সরকার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেয়া হয়েছে।’
আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুপ্রভা রাণীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ এবং উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নকিবুল্লাহ, সাবেক উপজেলা আমির হাফেজ আমিরুল ইসলাম, আটঘরিয়া পৌর মেয়র প্রার্থী সাবেক ছাত্রনেতা মো: সাইদুল ইসলাম মোল্লা প্রমুখ।
পরে আবু তালেব মন্ডল অন্যান্য অতিথিদের নিয়ে ট্রমা সেন্টারের বিভিন্ন দিক আলোচনা করেন এবং স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে এর কার্যক্রমের সফলতা কামনা করেন।