গবেষণাক্ষেত্রে দীর্ঘদিনের অবদান ও আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) গবেষণা সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সম্মানিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাকিকুর রহমান।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে সিএসই বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আইএসইউ উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারতের মণিপুর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর অধ্যাপক ড. হরিকুমার পাল্লাথাডকা। তিনি অধ্যাপক ড. মো. হাকিকুর রহমানের হাতে পিএইচডি সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইএসইউ উপাচার্য বলেন, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক শিক্ষাকে আইএসইউ সবসময় অগ্রাধিকার দিয়ে আসছে। গবেষণাভিত্তিক শিক্ষা একটি জাতির উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার অন্যতম প্রধান শক্তি বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হরিকুমার পাল্লাথাডকা বলেন, গবেষণাই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি ও মর্যাদাকে বিশ্বপরিসরে তুলে ধরে। অধ্যাপক ড. মো. হাকিকুর রহমানের গবেষণা অবদান আন্তর্জাতিক একাডেমিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। এ ধরনের স্বীকৃতি নতুন প্রজন্মকে গবেষণায় উৎসাহিত করবে বলেও তিনি মন্তব্য করেন।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মো. হাকিকুর রহমান বলেন, গবেষণা কেবল ব্যক্তিগত অর্জনের বিষয় নয়, বরং সমাজ ও মানবকল্যাণে জ্ঞানকে কাজে লাগানোর একটি অবিরাম প্রয়াস। এই সম্মাননা তাঁকে আরও দায়িত্বশীলভাবে গবেষণা কার্যক্রম পরিচালনায় অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মোঃ আবুল কাশেম, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

বিডি-প্রতিদিন/এআইডি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews