নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ভিসির সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও অবকাঠামোগত সার্বিক উন্নয়ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের মূল্যবান পরামর্শ গ্রহণ ও মতবিনিময়ের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ উপস্থিত ছিলেন।

এ সময় অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘নোবিপ্রবি সাম্প্রতিক বছরগুলোতে অ্যাকাডেমিক ও গবেষণা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আন্তর্জাতিক র‌্যাঙ্কিং সংস্থা টাইমস হায়ার এডুকেশনের সর্বশেষ মূল্যায়নে গবেষণা সূচকে নোবিপ্রবি বিশ্বে ৭২২তম স্থান অর্জন করেছে এবং বাংলাদেশী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২তম অবস্থান লাভ করেছে। যা আমাদের জন্য গৌরবের।’

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি ৩৩৪ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে, যার মাধ্যমে অ্যাকাডেমিক ভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণের কার্যক্রম এগিয়ে নেয়া হবে। এ প্রকল্প বাস্তবায়নে সরকার নির্ধারিত নীতিমালা ও প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। এখানে যারা গবেষণায় দক্ষ তাদের এবং নারীদেরকে উৎসাহিত করতে বেস্ট ফিমেল রিসার্চার অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। এছাড়াও গত দেড় বছরে বিশ্বের খ্যাতনামা ২১টি বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণা ও অ্যাকাডেমিক ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।’

ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ে স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রতিযোগিতা করে হিট প্রজেক্টে নোবিপ্রবির শিক্ষকরা সাতটি প্রকল্প নিয়ে এসেছেন, যা অত্যন্ত চমকপ্রদ। এছাড়াও ৩০টি ক্লাসরুম ডিজিটালাইজড করা হয়েছে এবং এই প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আমরা চার ধাপে যাচাই প্রক্রিয়া অনুসরণ করছি। জবাবদিহিতা নিশ্চিত করতে শিক্ষক নিয়োগে অ্যাকাডেমিক যোগ্যতা যাচাই, লিখিত পরীক্ষা, উপস্থাপনা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারী নিয়োগেও লিখিত, মৌখিক ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে প্রক্রিয়া সম্পাদিত হয়েছে। পুরো প্রক্রিয়াই প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করে পরিচালিত হচ্ছে। এ ক্ষেত্রে দেশের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী গ্র্যাজুয়েটরাই সুযোগ পেয়েছেন।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews