নওগাঁর বদলগাছী থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলামের বিরুদ্ধে তদন্তের নামে ২৫ শতাংশ ঘুস দাবি এবং পক্ষপাতমূলক তদন্ত প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শাহিদ হোসেন নামে এক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এর অনুলিপি রাজশাহী রেঞ্জের ডিআইজি ও নওগাঁর পুলিশ সুপারের কাছেও দেওয়া হয়েছে।

লিখিত অভিযোগে শাহিদ হোসেন উল্লেখ করেন, বদলগাছী বাসস্ট্যান্ড এলাকার বিকাশ ব্যবসায়ী মো. শাকিল হোসেনের কাছে তার ৪ লাখ টাকা পাওনা রয়েছে। পাওনা টাকা আদায়ের দাবিতে তিনি নওগাঁর ৫ নম্বর আমলি আদালতে সিআর মামলা নং-১০৩/২৬ (বদলগাছী) দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় করা হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।

শাহিদ হোসেনের দাবি, বিকাশ ব্যবসার লেনদেনের সূত্র ধরে শাকিল হোসেনের সঙ্গে তার আর্থিক লেনদেন হয়। পরবর্তীতে শাকিল টাকা পরিশোধে অস্বীকৃতি জানালে তিনি আদালতে মামলা করেন। মামলার তদন্তভার বদলগাছী থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলামের ওপর ন্যস্ত হওয়ার পর তিনি তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে সুষ্ঠু তদন্তের অনুরোধ করেন। এ সময় পাওনা টাকার ২৫ শতাংশ তার কাছে ঘুস হিসেবে দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে শাহিদ হোসেন আরও দাবি করেন, দাবিকৃত টাকা দিতে রাজি না হওয়ায় তদন্ত কর্মকর্তা তার প্রতি অসন্তুষ্ট হন এবং পরবর্তীতে বিবাদীপক্ষের প্রভাবে সুষ্ঠু তদন্ত না করে মনগড়া ও অসত্য তথ্যের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। তিনি প্রতিবেদনটি পুনঃপর্যালোচনা করে নিরপেক্ষভাবে পুনঃতদন্তের দাবি জানান। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

তবে মামলার বিবাদী মো. শাকিল হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শাহিদ মূলত সুদি কারবারের সঙ্গে জড়িত। সেই সূত্রেই তার সঙ্গে আমার কিছু টাকা লেনদেন হয়েছে। আমার কাছে আর মাত্র ৫৪ হাজার টাকা পাওনা রয়েছে। কিন্তু এরপরও তিনি আমার কাছে অন্যায়ভাবে ৪ লাখ টাকা দাবি করেন। পরে জানতে পারি, আমার মা-বাবাসহ আমাকে জড়িয়ে তিনি আদালতে মামলা করেছেন।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বদলগাছী থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি তদন্ত করে যা পেয়েছি, তা-ই প্রতিবেদনে উল্লেখ করেছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে, তা আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করে সত্য-মিথ্যা যাচাই করুন।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews