চীন ও পাকিস্তানের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন, ওষুধ শিল্প এবং স্মার্ট প্রযুক্তি খাতে প্রায় ১২২ কোটি ডলারের বিনিয়োগ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।

মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপস্থিতিতে দুই দেশের সরকারি ও বেসরকারি প্রতিনিধিরা বিভিন্ন খাতে সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন।

চার দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে থাকা শেহবাজ শরিফের সফরকালে বাণিজ্য, কৃষি, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, প্রযুক্তি ও জ্বালানি খাতে একাধিক নতুন সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক করা হয়েছে। এসব চুক্তির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি যাই হোক না কেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে চীন সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং পাকিস্তান চীনের ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য বন্ধু।

জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চীন ও পাকিস্তানকে ‘আয়রন ব্রাদার’ বা অটুট বন্ধু রাষ্ট্র হিসেবে বর্ণনা করেন। দুই দেশের এই অনন্য সম্পর্কের কোনো তুলনা হয় না বলে মন্তব্য করেন তিনি।

গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও উপস্থিত ছিলেন। এর পাশাপাশি বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইরান সংকট নিরসনে পাকিস্তানের নেওয়া শান্তি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে চীন।

সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews