বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং সংশ্লিষ্ট খাতে দুর্নীতি, অপচয় ও চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। একই সঙ্গে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পুশইন ও হয়রানি বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

রোববার বাদ আসর রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেট থেকে বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সীমান্তে পুশইনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, নির্বাচনের পর অল্প সময়ের মধ্যেই তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ এমনিতেই চাপে রয়েছে। এর মধ্যে বারবার জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের ওপর নতুন বোঝা চাপিয়ে দিচ্ছে।

তিনি বলেন, সরকার যদি বিদ্যুৎ, তেল ও গ্যাস খাতে দুর্নীতি, অপচয় ও চাঁদাবাজি বন্ধ করতে পারে, তাহলে জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপানোর প্রয়োজন হবে না। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং খুন-ধর্ষণের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জালালুদ্দীন আহমদ বলেন, জনগণের কণ্ঠস্বর উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারেনি। তাই জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত থেকে সরে এসে খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে সরকারকে অগ্রাধিকার দিতে হবে।

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের পুশইন ও হয়রানির ঘটনা দেশের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার জন্য উদ্বেগজনক। এ বিষয়ে সীমান্ত এলাকার জনগণ ও বর্ডার গার্ড বাংলাদেশের পেশাদারিত্ব প্রশংসার দাবিদার। সরকারকে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।

মাওলানা আনোয়ার হোসাইন রাজী-র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেম, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা-সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ এবং সীমান্তে পুশইন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews