শুধু প্রশ্নোত্তর নয়, কুইজের মঞ্চ থেকেই উঠল বাল্যবিবাহ, আত্মহত্যা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বার্তা। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে দিনাজপুরের হাকিমপুরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।
হাকিমপুর উপজেলা শাখার প্রাণবন্ত এই আয়োজন অনুষ্ঠিত হয় নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রশ্নোত্তরের প্রতিটি ধাপে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী উপস্থিতি ও জানার আগ্রহ মুগ্ধ করে অতিথিদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বাল্যবিবাহের অন্ধকার পথ থেকে বেরিয়ে এসে মেয়েদের শিক্ষার আলোয় এগিয়ে যেতে হবে। আত্মহত্যার প্রবণতা থেকে দূরে থাকতে হবে। খেলাধুলা ও জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে শুধু বইয়ের শিক্ষায় নয়, নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধেও সমৃদ্ধ হতে হবে।
বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সভাপতি খাদিজা আক্তার জুঁইয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম বলেন, “পড়াশোনার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এমন সুন্দর ও শিক্ষামূলক আয়োজনের জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ।”
সভাপতির বক্তব্যে খাদিজা আক্তার জুঁই বলেন, “নারী সমাজকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা ও সচেতনতা বাড়াতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
কুইজ প্রতিযোগিতা শেষে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের মধ্যে ছিলেন অনন্যা, মুন, ঝিলিক, মহসিনা, আয়েশা, খুশি, বর্ষা, আশিকা, ইতি, মোহনা, অন্তরা, রেশমি ও আরিফা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সহ-সভাপতি মারুফ হোসেন, উম্মে হাবিবা আঞ্জু, সাফায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইরফান আহমেদ ও আকাশ ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক তানভীন তারিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মনিরুল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাবাসসুম আক্তার রুকু, অর্থ সম্পাদক তাহমিনা তিশা, ক্রীড়া সম্পাদক সামিউল ইসলাম, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক পলাশ ইসলাম এবং কার্যকরী সদস্য আনিকা আক্তারসহ অনেকে।
বিডি-প্রতিদিন/টিএ