বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে কুপিয়ে দুই চাচাতো ভাইকে খুনের অভিযোগ পাওয়া গেছে তাদেরই চাচা ও তার দুই ছেলের বিরুদ্ধে।

সোমবার (১৮ মে) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩০) ও তোফাজ্জল হোসেনের ছেলে সুমন মোল্লা (৩৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

এ ঘটনায় আবদুল আহাদ (২৩) নামে অভিযুক্ত এক চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ। তিনি অভিযুক্ত অন্য চাচা রেজাউল করিমের ছেলে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। অন্য দুই অভিযুক্ত রেজাউল করিম ও তার ছেলে রাব্বি মণ্ডল (২৭) পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিন শতক পৈতৃক জায়গা নিয়ে লক্ষ্মীপুর গ্রামের তিন ভাই জামিল, তোফাজ্জল ও রেজাউল করিমের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে রেজাউল করিম ও তার দুই ছেলের সাথে জামিল ও তোফাজ্জলের পরিবারের ঝগড়া বাঁধে। বাগ্বিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে জামিলের ছেলে ইয়াছিন আলী ও সুমনকে রেজাউল করিম ও তার দুই ছেলে আহাদ ও রাব্বী ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই ইয়াছিন আলীর মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় সুমনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

শিবগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, ‘তিন ভাইয়ের মধ্যে তিন শতক জায়গা নিয়ে বিরোধের জোরে হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চাচাতো ভাই আবদুল আহাদকে আটক করা হয়েছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের আটকের জন্য অভিযান চলছে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews