পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হয়েছে সপ্তাহ পেরিয়ে গেছে, তবে এখনো রয়ে গেছে এর রেশ। আইসিসি আবারো মনে করিয়ে দিলো, সেই সিরিজে কতটা দুর্দান্ত পারফরম্যান্স ছিল বাংলাদেশের।

বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং অর্জন করেছেন তাইজুল ইসলাম। আর ম্যান অব দ্য সিরিজ হয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন মুশফিকুর রহিম।

এছাড়াও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে লিটন কুমার দাস ও নাহিদ রানার। তবে মিরপুর টেস্টে দারুণ শতক হাঁকালেও সিলেট টেস্টের ব্যর্থতায় অবনতি হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।

গতকাল বুধবার (২৭ মে) হালনাগাদ করা ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে মুশফিক ১০ ধাপ এগিয়ে ১৬ নম্বরে চলে এসেছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে এখন তিনিই র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে। সিরিজে ২৫৯ রান করেন মুশফিক।

এদিকে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১২৬ রানের অসাধারণ ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ৬৯ রান করে ম্যাচ-সেরা হয়েছিলেন লিটন। ১৪ ধাপ এগিয়ে এখন তিনি আছে ২৪ নম্বরে।

নাজমুল হোসেন শান্ত ৭ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩০ নম্বরে। এই টেস্টে ২২ ও ৩০ রানে আউট হয়ে তিন ধাপ পিছিয়ে ৩৮ নম্বরে নেমেছেন মুমিনুল হক।

সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসের ৬টিসহ ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেন তাইজুল। তাতেই দুই ধাপ এগিয়ে বাংলাদেশের সফলতম টেস্ট বোলার এখন তিনিই। উঠে এসেছেন ১১ নম্বরে। তার রেটিং পয়েন্ট হলো ৭৩২।

এদিকে আরেক স্পিনার মেহেদী মিরাজ দুই ধাপ এগিয়েছেন বোলারদের র‌্যাঙ্কিংয়ে। এই অফ স্পিনার এখন আছেন ২৫ নম্বরে। এছাড়া নাহিদ রানা এগিয়েছেন ১০ ধাপ, উঠেছেন ৫৪ নম্বরে।

তাইজুল অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন। ৩ ধাপ উন্নতিতে ২৯ নম্বরে উঠেছেন তিনি। অন্যদিকে ব্যাট হাতে সিরিজটি ভালো না কাটলেও অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ৪ নম্বর জায়গা ধরে রেখেছেন মিরাজ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews