বিএনপির অঙ্গ সংগঠনগুলোতে দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে দলটির হাইকমান্ড। এরই ধারাবাহিকতায় অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন  জাতীয়তাবাদী যুবদলের নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সংগঠনটির শীর্ষ পদগুলোয় কারা নেতৃত্বে আসছেন— তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সম্ভাব্য নেতাদের তালিকায় রয়েছেন বর্তমান কমিটির ও সাবেক একাধিক আলোচিত নেতা, তবে হাইকমান্ডের পছন্দের তালিকায় কয়েকজনের নাম বিশেষভাবে আলোচনায় রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, যুবদলের কেন্দ্রীয় কমিটি চূড়ান্তের পর্যায়ে রয়েছে। যেকোনো সময় ঘোষণা আসতে পারে। এই কমিটিকে কেন্দ্র করে পদপ্রত্যাশীদের দৌড়ঝাপ বেড়েছে আগের চেয়ে কয়েক গুণ। অনেকেই বিগত দিনে আন্দোলন-সংগ্রামে তাদের ভূমিকার কথা নানাভাবে বিএনপি হাইকমান্ডসহ নীতিনির্ধারকদের কাছে তুলে ধরার চেষ্টা করছেন।

২০২৪ সালে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির মেয়াদ ইতোমধ্যে প্রায় ২২ মাস পার হলেও তা পূর্ণাঙ্গ করা সম্ভব হয়নি। এর মধ্যে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রীয় ও এলাকার কাজে তার ব্যস্ততা বেড়ে গেছে।

যুবদল নেতারা বলছেন, অনুকূল পরিবেশে আংশিক কমিটি দীর্ঘদিনেও পূর্ণাঙ্গ না করার কারণে বর্তমান কমিটির ব্যর্থতা ফুটে উঠেছে। কয়েক মাস আগে ১৫১ সদস্যের কমিটি অনুমোদনের জন্য হাইকমান্ডের কাছে জমা দিলেও সেটিকে ‘মাইম্যান’ কমিটি হিসাবে উল্লেখ করছেন কেউ কেউ।

এরই মধ্যে যুবদলের নতুন কমিটি দেওয়ার আলোচনা শুরু হয়েছে হয়েছে। নতুন কমিটির শীর্ষ দুই পদে আসার আলোচনায় বর্তমান কমিটির দুই নেতা তো আছেনই, সঙ্গে আছেন সংগঠনটির সাবেক-বর্তমান অনেক নেতা। 

তবে শীর্ষ দুই পদে বেশি আলোচনায় থাকা নেতারা হলেন- বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, আরেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নাম। এছাড়া ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলামের নামও শোনা যাচ্ছে যুবদলের নেতৃত্বে।  ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ স্বেচ্ছাসেবক দলে নেতৃত্ব না পেলে যুবদলের নেতৃত্বে আসতে পারেন বলে আলোচনা আছে।

এছাড়াও আলোচনায় আছেন— যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাবেক ১ম যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, সিনিয়র সহসভাপতি রেজাউল কবীর পল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাবেক ছাত্রনেতা মাহাবুব হাসান পিংকু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন, সাইদ ইকবাল টিটু, সাবেক সহ-শিল্প বিষয়ক সম্পাদক আসাদুল আলম টিটু, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামূল হক এনাম, সাবেক ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলও রয়েছেন আলোচনায়। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews