মিরপুর টেস্টে আগুনে বোলিংয়ে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ঐতিহাসিক জয়ে বল হাতে ছিলেন বিধ্বংসী। তাতে র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরার সুসংবাদ পেয়েছেন একদিন আগেই। তবে তারও আগে ওয়ানডেতে নাহিদ রানার আগুনে পুরে ছাই হয়েছে নিউজিল্যান্ড। এবার দেশের মাটিতে হওয়া সেই সিরিজে আগুনে বোলিংয়ের দারুণ এক স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের তরুন এই পেসার। আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন নাহিদ রানা। এপ্রিলের সেরার লড়াইয়ে তিনি হারিয়েছেন ওমানের জাতিন্দার সিং ও সংযুক্ত আরব আমিরাতের আজায় কুমারকে।


গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম গতকাল প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। শ্রীলঙ্কার ইমেশা দুলানি ও ব্রাজিলের লরা কার্দোসাকে পেছনে ফেলে নারী ক্রিকেটারদের মধ্যে সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন নাহিদ। তিন ম্যাচে ১৬.৭৫ গড় ও ওভারপ্রতি ৪.৪৬ রান দিয়ে সর্বোচ্চ আট উইকেট নিয়ে সিরিজ সেরা হন তিনিই। প্রথম ম্যাচে খরুচে বোলিং করলেও, পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ান নাহিদ। গতির ঝড়ে কিউই ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে ছাড়েন তিনি। তীব্র গরমেও সেদিন তার ১০ ওভারের মধ্যে একটি ছাড়া বাকি সব ডেলিভারিতে গতি স্পর্শ করে ১৪০ কিলোমিটার। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেন তিনি স্রেফ ৩২ রানে। সিরিজ নির্ধারণী ম্যাচেও আলো ছড়ান নাহিদ। ১০ ওভারে ৩৭ রান দিয়ে নেন দুই উইকেট।


গত মার্চে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তিনি ৮ উইকেট নিয়েছিলেন। এরপর সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি করেছেন ক্যারিয়ারসেরা বোলিং। নেন ৪০ রানে ৫ উইকেট। নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে পারফর্ম করে সেরা হওয়াটা বেশি তৃপ্তি দিচ্ছে নাহিদকে, ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো খেলে আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়াটা দারুণ এক অনুভূতি। দেশের মাটিতে এমন পারফরম্যান্স সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে এবং সিরিজটি আমি সবসময় মনে রাখব। আমার সতীর্থদের প্রতি আমি কৃতজ্ঞ, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে নিরন্তর সমর্থন দিয়েছে এবং আমার ওপর বিশ্বাস রেখেছে। আশা করি, আমার দলের জন্য আরও জয় ও স্মরণীয় মুহূর্ত তৈরিতে অবদান রাখতে পারব।’


২৩ বছর বয়সী নাহিদ এই প্রথম আইসিসির মাস সেরার পুরস্কার জিতলেন। গত বছরের এপ্রিলে মেহেদী হাসান মিরাজের পর বাংলাদেশের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন তিনি। মিরাজ ও নাহিদ ছাড়া এই সম্মাননা পেয়েছেন বাংলাদেশের আর কেবল দুজন পুরুষ ক্রিকেটার- সাকিব আল হাসান (দুবার) ও মুশফিকুর রহিম। মেয়েদের মাসসেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট। গত অক্টোবর ও ডিসেম্বরেও মাস সেরা হওয়া এই প্রোটিয়া এপ্রিলে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করেন। মাসের প্রথম দুই ওয়ানডেতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৬৯ করে রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক পরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রানের স্রোত বইয়ে দেন। পাঁচ ম্যাচে তিনটি ফিফটি ও একটি সেঞ্চুরি করেন এই ওপেনার। তার দুর্দান্ত পারফরম্যান্সের সিরিজ ৪-১ ব্যবধানে জেতে দক্ষিণ আফ্রিকা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews