রিয়াল সোসিয়েদাদকে ৩–১ গোলে হারিয়ে প্রাক-মৌসুম শেষ করেছে চেলসি। তবে জয়ের চেয়ে বেশি আলোচনায় এসেছে এনজো ফার্নান্দেজকে ঘিরে সমর্থকদের বিভক্ত প্রতিক্রিয়া

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে চেলসির ৩–১ গোলের জয়ে নতুন কোচ জাবি আলোনসোর কৌশল ও জোয়াও পেদ্রোর দুর্দান্ত ফর্মের পাশাপাশি আলোচনার কেন্দ্রে ছিলেন এনজো ফার্নান্দেজ। ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জনের পর প্রথমবার ঘরের মাঠে মাঠে নামেন আর্জেন্টাইন মিডফিল্ডার।

ম্যাচের আগে ফার্নান্দেজের নাম ঘোষণার সময়ই স্ট্যামফোর্ড ব্রিজের একাংশের সমর্থক দুয়ো দেন। ৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার সময়ও শোনা যায় দুয়োধ্বনি। তবে গ্যালারির অন্য অংশ ফার্নান্দেজের নাম ধরে স্লোগান দিয়ে তার প্রতি সমর্থন জানায়।

মাঠে নামার পর তার প্রায় প্রতিটি বল স্পর্শেই শোনা যায় মিশ্র প্রতিক্রিয়া—কখনো দুয়ো, কখনো করতালি। এমনকি তাকে ফাউল করা হলে কিছু সমর্থক উচ্ছ্বাস প্রকাশ করেন।এর মধ্যেই ফার্নান্দেজের প্রতি কোচ ও দলের আস্থার বার্তাও পাওয়া যায়। রিস জেমস মাঠ ছাড়ার সময় নিয়ম অনুযায়ী দীর্ঘদিনের সহ-অধিনায়ক ফার্নান্দেজের হাতে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেন।

চেলসির সঙ্গে ফার্নান্দেজের ভবিষ্যৎ নিয়ে গত কয়েক সপ্তাহে ব্যাপক আলোচনা হয়েছে। চলতি গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। পরে স্প্যানিশ ক্লাবটি সেই আগ্রহ থেকে সরে যায়। এরপর তার প্রতিনিধিরা ম্যানচেস্টার সিটির সঙ্গে আলোচনা করলেও চেলসির নির্ধারিত ১২ কোটি পাউন্ডের মূল্যায়ন অনুযায়ী কোনো প্রস্তাব দেয়নি সিটি।

শুক্রবার বিকেল ৫টার নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় আপাতত ফার্নান্দেজকে ধরে রাখার অবস্থানেই রয়েছে চেলসি। তবে সমর্থকদের একটি অংশ মনে করছে, ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করে তিনি তাদের প্রতি আনুগত্যের প্রশ্ন তুলেছেন। তার এজেন্ট হাভিয়ের পাস্তোরে ফার্নান্দেজকে কম বেতন দেওয়ার দাবিও করেছিলেন।

এর সঙ্গে যোগ হয়েছে জাতীয় দলের পুরোনো বিতর্কও। জুলাইয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারানোর পর ফার্নান্দেজের উদযাপন ও সামাজিক যোগাযোগমাধ্যমে করা বিভিন্ন মন্তব্য ইংলিশ সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি করেছিল। ফলে প্রিমিয়ার লিগের অন্য ক্লাবগুলোর সমর্থকদের কাছ থেকেও নতুন মৌসুমে তার প্রতিক্রিয়ার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে চেলসিতেই থাকার সম্ভাবনা বেশি ফার্নান্দেজের। তবে ১ সেপ্টেম্বর ট্রান্সফার ডেডলাইনের আগে ম্যানচেস্টার সিটি আবারও আগ্রহ দেখালে পরিস্থিতি বদলাতেও পারে। আপাতত রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় পেলেও ফার্নান্দেজকে ঘিরে চেলসিতে অনিশ্চয়তার গল্পটা পুরোপুরি শেষ হয়নি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews