ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণার আগেই চমক ছড়িয়ে পড়েছে ফুটবল দুনিয়ায়। নতুন কোচ টমাস টুখেল এবার বেশ কয়েকজন বড় তারকাকে বাদ দিতে যাচ্ছেন বলে জানা গেছে। বিশ্বকাপের জন্য ঘোষিতব্য ২৬ সদস্যের দলে জায়গা হচ্ছে না ফিল ফোডেন, কোল পামার ও ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের।

শুধু তাই নয়, অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারও বাদ পড়তে যাচ্ছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে হতাশা প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাগুয়ার লিখেছেন, মৌসুমে নিজের পারফরম্যান্সের পর জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশা করেছিলেন তিনি। কিন্তু দল থেকে বাদ পড়ায় তিনি ভীষণভাবে হতাশ ও মর্মাহত।

ম্যাগুয়ারের মা জো-ও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, এমন সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক।

এদিকে, অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগ জয়ের পর দলে জায়গা পাচ্ছেন স্ট্রাইকার অলি ওয়াটকিন্স। সৌদি আরবের ক্লাব আল আহলির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো আইভান টোনিকেও দলে রাখা হচ্ছে। চলতি মৌসুমে তিনি ৩২ ম্যাচে ৩২ গোল করেছেন। তবে নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার মরগান গিবস-হোয়াইট দলে জায়গা পাচ্ছেন না। অথচ এই মৌসুমে প্রিমিয়ার লিগে ইংলিশ খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোলদাতাদের একজন তিনি।

চেলসির ডিফেন্ডার লেভি কোলউইল ও ইতালির ক্লাব মিলানের ডিফেন্ডার ফিকায়ো তোমোরিও বাদ পড়ছেন বলে জানা গেছে। অন্যদিকে আর্সেনালের উইঙ্গার ননি মাদুয়েকে দলে রাখা হচ্ছে। তার সঙ্গে থাকছেন বুকায়ো সাকা, ডেকলান রাইস ও এবেরেচি এজে।

টটেনহামের ডিফেন্ডার জেড স্পেন্স জায়গা পাওয়ায় বাদ পড়ছেন আলেক্সান্ডার আর্নল্ড। এমনকি আর্সেনালের তরুণ মাইলস লুইস-স্কেলি ও এভারটনের জেমস গার্নারও সুযোগ পাচ্ছেন না।

ইনজুরিতে জর্জরিত মৌসুম কাটালেও জন স্টোনসকে দলে রাখার সম্ভাবনা বেশি। টুখেল তাকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই দেখছেন।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপ। তার আগে ৬ জুন নিউজিল্যান্ড ও ১০ জুন কোস্টারিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপর ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। গ্রুপপর্বে ইংল্যান্ডের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।

বিডি-প্রতিদিন/এআইডি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews