পুনর্বাসন প্রক্রিয়ায় উন্নতি হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।

বাঁ-পায়ের পেশীর ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে ছিলেন না লিটন। ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি।

পুনর্বাসন প্রক্রিয়ায় শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে সুযোগ পেয়েছেন লিটন। ডারউইনে বাংলাদেশ দলের সাথে যোগ দিতে আগামীকাল অস্ট্রেলিয়ার বিমান ধরবেন ৩১ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটার।

গত জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়েন লিটন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলতে পারেননি তিনি। অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

অস্ট্রেলিয়া সিরিজের পর জিম্বাবুয়ে সফরও মিস করেন লিটন। জিম্বাবুয়ে সফরে এক ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয় বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজ জিতে জিম্বাবুয়ে সফর শেষ করে বাংলাদেশ।

১৩ আগস্ট থেকে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরপর ২২ আগস্ট ম্যাকায়তে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল। দুই ম্যাচের সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

সূত্র: বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews