জনপ্রিয় বাংলা অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ বন্ধ হয়ে যাচ্ছে—সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে নতুন পর্ব প্রচারের ঘোষণা দিয়েছে সম্প্রচারকারী চ্যানেল সনি আট।
গত জুলাইয়ে ১ হাজার ২৬৮তম পর্ব প্রচারের পর নতুন পর্ব সম্প্রচার বন্ধ থাকায় দর্শকদের মধ্যে সিরিজটি শেষ হয়ে যাওয়ার ধারণা তৈরি হয়। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি পুরোনো দৃশ্য, যেখানে গোপাল ভাঁড়কে মৃত্যুশয্যায় দেখা যায়। সেই দৃশ্য থেকেই মূলত গুঞ্জনের সূত্রপাত।
তবে নতুন ঘোষণায় জানা গেছে, সিরিজটি শেষ হচ্ছে না। বরং ১৫ আগস্ট নতুন পর্ব নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে ‘গোপাল ভাঁড়’। বিশেষ এই আয়োজন ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।
২০১৫ সালে সনি আট-এ প্রচার শুরু হওয়ার পর থেকেই শিশু-কিশোরদের পাশাপাশি সব বয়সী দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে গোপাল ভাঁড়। হাস্যরসের পাশাপাশি গোপালের উপস্থিত বুদ্ধি ও বিভিন্ন সামাজিক বার্তাও সিরিজটির অন্যতম আকর্ষণ।