বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত পরিকল্পনা বাতিল করায় ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং আরও কয়েকটি কনফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে শুক্রবার অপমানজনকভাবে নিজের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

এক বিবৃতিতে রোববার লস ব্ল্যাঙ্কোসরা বলেছে, “আমাদের ক্লাব মনে করে, এটি ফুটবলের জন্য, এর প্রতিষ্ঠানগুলোর জন্য এবং সর্বোপরি আমাদের প্রিয় খেলাটির কোটি কোটি সমর্থকের জন্য সুখবর। রিয়াল মাদ্রিদ উয়েফা, বিভিন্ন কনফেডারেশন ও ফেডারেশন এবং সব প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাতে চায়, যারা দৃঢ়তা ও দায়িত্বশীলতার সঙ্গে এই প্রকল্পের বিরোধিতা করেছে। তাদের ঐক্য ও দায়িত্ববোধ একটি গুরুত্বপূর্ণ সময়ে ফুটবলকে রক্ষা করেছে।”

ব্যর্থ বিচ্ছিন্ন ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্পের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিল রিয়াল মাদ্রিদ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইউরোপীয় ক্লাব ফুটবলের স্বার্থে উয়েফার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কথা জানায় মাদ্রিদভিত্তিক ক্লাবটি। এর মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক বছরের টানাপোড়েনের অবসান ঘটে।

মঙ্গলবার ফিফা বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপসহ তাদের সবচেয়ে বড় আয়োজনগুলো পরিচালনার জন্য একটি বাণিজ্যিক সহায়ক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনার ঘোষণা করেছিল। প্রতিষ্ঠানটিতে বেসরকারি বিনিয়োগের সুযোগ রাখার কথা ছিল। ইনফান্তিনো বলেছিলেন, এর মাধ্যমে ৪২০ কোটি ডলার পর্যন্ত অর্থ সংগ্রহ করা সম্ভব হতে পারে।

ফিফার এই পরিকল্পনার বিরোধিতায় নেতৃত্ব দেয় উয়েফা। তারা জানিয়েছিল, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ফিফার সব প্রতিযোগিতা বয়কট করবে এবং ইনফান্তিনোর ওপর তাদের আস্থা নেই। সাম্প্রতিক দিনগুলোতে তীব্র চাপের মুখে পড়েছিলেন ফিফা সভাপতি। বিশ^জুড়ে ব্যপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় ফিফা।

সূত্র: বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews