দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস উঠে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। তিনি বলেন, একদিকে চাল, ডাল, তেলসহ সব ভোগ্যপণ্যের দাম বাড়ছে, অন্যদিকে গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের চরম ভোগান্তি হচ্ছে। কিন্তু সরকার এসব ভোগান্তি নিরসনের পরিবর্তে নিজেদের ব্যর্থতা ঢাকতে জনগণের সঙ্গে তামাশা করছে।

বুধবার বিকেলে রাজধানীতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

নূরুল ইসলাম বুলবুল বলেন, সরকারের মন্ত্রীরা মোবাইল চার্জ দেওয়ার কারণে বিদ্যুৎ সংকট হচ্ছে বলে বক্তব্য দিচ্ছেন। আবার গ্রামে লম্বা পুল হওয়ার কারণে সেটি ভেঙে গেলে মেরামত করতে সময় লাগে, এ জন্য লোডশেডিং হচ্ছে—এমন কথাও বলা হচ্ছে। মন্ত্রীদের এ ধরনের বক্তব্য জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার যেভাবে বিষয়টি পাশ কাটিয়ে যেতে চাইছে, একইভাবে গ্যাস-বিদ্যুৎ সংকটসহ বিদ্যমান জনদুর্ভোগকে পতিত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের জঞ্জাল হিসেবে তুলে ধরে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চাচ্ছে।

জামায়াতের এই নেতা বলেন, বিদ্যমান এসব সমস্যা সমাধানে সরকারের দীর্ঘমেয়াদি কিংবা স্বল্পমেয়াদি কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না। অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের ঘাটতি পূরণ করে সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের দাবি আদায়ের লড়াই সংসদে এবং সংসদের বাইরে চালাতে হবে। সরকার যদি গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে মেনে নেয় এবং জনগণের ভোগান্তি নিরসনে কাজ করে, তাহলে বিরোধী দল সরকারকে সহযোগিতা করবে।

তবে সরকার যদি গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি গ্রহণ না করে এবং আওয়ামী ফ্যাসিবাদের পথেই হাঁটতে থাকে, তাহলে জনগণের দাবি আদায়ে রাজপথেই সমাধান হবে বলে মন্তব্য করেন নূরুল ইসলাম বুলবুল।

আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করতে জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতা-কর্মীদের সার্বিক প্রস্তুতি ও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি ও ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews