কুষ্টিয়ার কুমারখালীতে বালুঘাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। বুধবার সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ বালুঘাটে এ ঘটনা ঘটে। 

এতে ১১ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী বিএনপি কর্মী ওসমান কাজী ও আরেক ব্যবসায়ী তোফাজ্জেল সরদার।

ওসমান কাজী শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের জাবেদ কাজীর ছেলে। অন্য ক্ষতিগ্রস্ত তোফাজ্জেল সরদার রাজবাড়ী জেলার পাংশার আজিজুল সরদার। তিনি প্রায় সাত বছর ধরে ওসমান কাজীর বাড়িতে ভাড়া থেকে নৌকা ও ট্রলার থেকে বালু নামানোর কাজ করছেন।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম আশরাফ প্রামাণিক (৪৫)। তিনি শিলাইদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও কসবা গ্রামের আফাজ উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি ভাঙচুরের ঘটনা স্বীকার করেছেন। তবে দলীয় পদ ও লুটপাটের বিষয়টি অস্বীকার করেছেন।

বালু ব্যবসায়ী তোফাজ্জেল সরদার বলেন, ‘ওসমান কাজীর বাড়িতে ভাড়া থেকে প্রায় ৭ বছর বালু আনলোডের ব্যাবসা করছি। আমার কারো সঙ্গে কোনো শত্রুতা নেই। কিন্তু ওসমান কাজীর সঙ্গে আশরাফের বিরোধ আছে। সেই শত্রুতার জেরে সকালে প্রথমে কাজীর ব্যাবসা প্রতিষ্ঠান এবং পরে আমার ৬৫টি পাইপ ভাঙচুর করেছে। এতে প্রায় সাড়ে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

ওসমান কাজী অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ নেতা আশরাফ প্রামাণিকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত নির্বাচনে তিনি জামায়াতের সঙ্গে ভোট করেছেন। ১২ ফেব্রুয়ারি ভোটে এলাকায় জামায়াত জিতে যাওয়ার পর কয়েক দফা হামলা ও লুটপাট করেছে তারা। এ সব ঝামেলা থেকে বাঁচতে সকালে উভয়পক্ষের আলোচনায় বসার কথা ছিল। কিন্তু তার আগেই অর্ধশতাধিক লোকজন লাঠিসোঁটা, ঢাল, সরকিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। যার ভিডিও আছে।’

তিনি আরো অভিযোগ করেন, ‘ব্যাবসা প্রতিষ্ঠানের হিসাবের ঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে। সিন্দুক ভেঙে অন্তত সাড়ে ৪ লক্ষাধিক টাকা লুট করেছে প্রতিপক্ষরা।’

এ দিকে বালুঘাটে হামলা করার কথা স্বীকার করেছেন অভিযুক্ত আশরাফ প্রামাণিক। তিনি মুঠোফোনে বলেন, ‘বিশেষ কাজে এলাকার বাইরে আছি। ওসমান কাজী আমার জমি দখল করে বালুর ব্যাবসা করছে। সালিশ বৈঠকেও কাজ হয় না। তাই সকালে জমিতে থাকা ঘর ও পাইপগুলো ভেঙে দেওয়া হয়েছে।’

কুমারখালী থানার উপপরিদর্শক (এস আই) সোহাগ শিকদার বলেন, ‘পূর্বশত্রুতার জেরে বালুঘাটে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিডি-প্রতিদিন/এমই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews