কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মরিচ খেতের ভেতর গোপনে চাষ করা প্রায় ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ জব্দ করেছে থানা পুলিশ। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি বটতলা এলাকার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে গাছটি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ তিলাই খোঁচাবাড়ি গ্রামের কৃষক ইউসুফ মিয়া নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদের পাড়ে জেগে ওঠা একটি চরে মরিচ খেতের মধ্যে গোপনে গাঁজার গাছটি রোপণ করেন। দীর্ঘদিন পরিচর্যার ফলে গাছটি প্রায় ১০ ফুট উচ্চতায় পৌঁছে যায়। তবে গাছে ফুল আসার আগেই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার বিকেলে বিস্তীর্ণ চরাঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মরিচ খেতের ভেতর থেকে বড় আকৃতির সেই গাঁজার গাছটি জব্দ করে থানায় নেওয়া হয়।
পুলিশ আরও জানায়, ওই এলাকায় আরও কোথাও গাঁজাসহ কোনো ধরনের মাদকদ্রব্যের চাষাবাদ হচ্ছে কি না তা খতিয়ে দেখতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। একইসঙ্গে অভিযুক্ত কৃষক ইউসুফ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে।
এ বিষয়ে এএসপি মুনতাসির মামুন মুন বলেন, চরাঞ্চলের কিছু দরিদ্র কৃষক অধিক লাভের আশায় মাদক কারবারিদের প্ররোচনায় পড়ে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের চাষে জড়িয়ে পড়েন। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।
বিডি-প্রতিদিন/টিএ