চোটের জন্য প্রথম ম্যাচ খেলতে পারেননি। আইপিএলে ফেরার পর থেকে রানের মধ্যেই রয়েছেন ভারতীয় ওপেনার শুভমান গিল। রোববার আইপিএলে টানা দ্বিতীয় অর্ধশতরান করে শুধু দলকেই জেতালেন না, নিজেও গড়ে ফেললেন একটি রেকর্ড। আইপিএলে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে চার হাজার রান করলেন তিনি। টপকে গেলেন বিরাট কোহলিকে।

সোমবার (১৩ এপ্রিল) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আইপিএলে চার হাজার রান অনেক ক্রিকেটারেরই রয়েছে। সবচেয়ে কম ইনিংসে এই কীর্তি অর্জন করার তালিকায় শুভমান ভারতীয়দের মধ্যে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।

আইপিএলে ১১৮তম ইনিংসে চার হাজার রান পূরণ করলেন শুভমান। শীর্ষে রয়েছেন কেএল রাহুল। তিনি ১০৫ ইনিংসে চার হাজার রান পূরণ করেছিলেন। শুভমান তার থেকে অনেকটাই পেছনে।

কোহলি ১২৮তম ইনিংসে চার হাজার রান করেছিলেন। সুরেশ রায়না এবং গৌতম গম্ভীর ১৪০টি করে ইনিংস নিয়েছিলেন। এটি ছিল ভারতীয়দের তালিকা।

বিদেশী ক্রিকেটারদের মধ্যে আইপিএলে দ্রুততম চার হাজার রান করার নজির ক্রিস গেইলের। তিনি নিয়েছিলেন ১১২টি ইনিংস।

অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ইংল্যান্ডের জস বাটলার যথাক্রমে ১১৪ এবং ১১৬টি করে ইনিংস নিয়েছিলেন। মিলিত তালিকায় তাদের পরে রয়েছেন শুভমান।

রোববারের ম্যাচে চার হাজার রান পূরণ করতে শুভমানের মাত্র ২৫ রান দরকার ছিল। গুজরাটের পঞ্চম ওভারে মোহাম্মদ শামির বলে রান নিয়ে এই কীর্তি অর্জন করেন শুভমান।

ভারতের মধ্যে ১৪তম এবং বিশ্বের মধ্যে ১৯তম ব্যাটার হিসাবে আইপিএলে চার হাজার বা তার বেশি রান করার কীর্তি অর্জন করেছেন শুভমান। রানের বিচারে সবচেয়ে আগে কোহলি। তিনি ২৭০টি আইপিএল ম্যাচে ৮৭৯০ রান করেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews