মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির অর্থ বিতরণ করেছে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
মঙ্গলবার বিকেল ৩টায় খনির সামনে অবস্থিত জিটিসি চ্যারিটি হোমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে মাসিক উপবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। জিটিসির নির্বাহী পরিচালক মো. জাবেদ সিদ্দিকীর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন বৃত্তির অর্থ প্রদান করেন।
অনুষ্ঠানে জানানো হয়, খনিতে কর্মরত শ্রমিকদের সন্তানদের উচ্চশিক্ষায় উৎসাহ ও সহায়তা দেওয়ার লক্ষ্যে নিয়মিতভাবে এ উপবৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে শ্রমিক পরিবারগুলোর আর্থিক চাপ কিছুটা লাঘব হচ্ছে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হতে পারছে।
উল্লেখ্য, জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড ও বেলারুশের একটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গঠিত জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে।
খনি শ্রমিক ও স্থানীয় এলাকাবাসীর কল্যাণে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে জিটিসি। এর অংশ হিসেবে “জিটিসি চ্যারিটি হোম” প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে সপ্তাহে পাঁচ দিন একজন অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসক বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। প্রতিদিন গড়ে প্রায় অর্ধশত রোগী এ সেবা গ্রহণ করছেন।
জিটিসি কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আশফাক