থাইল্যান্ডে স্কুটি দুর্ঘটনায় আহত হওয়ার পর নিজের সুস্থতার খবর জানিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। মঙ্গলবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, দুর্ঘটনায় কিছুটা আহত হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে তিনি সুস্থ আছেন।

এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর থাইল্যান্ডের কোলান দ্বীপে স্কুটি দুর্ঘটনার শিকার হন খায়রুল বাসার। পাহাড় থেকে নিচে নামার সময় স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। এ ঘটনায় তাঁর বুকে ও হাঁটুতে আঘাত লাগে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই খায়রুল বাসারের খোঁজ নিতে শুরু করেন। পরে উদ্বিগ্ন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করতেই ফেসবুকে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি।

বাসার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সুস্থ আছি। আজ বিকেলে স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে কিছুটা ইনজুরড হয়েছি। ইনশাআল্লাহ দ্রুতই সেরে উঠবো। খুব বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি, শুকরিয়া।’

দুর্ঘটনার পর যারা তাঁর খোঁজ নিয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানান এই অভিনেতা। একই সঙ্গে তিনি বলেন, অনেকেই উদ্বিগ্ন হয়ে যোগাযোগের চেষ্টা করছেন, তাই নিজের অবস্থার কথা জানানো জরুরি মনে করেছেন।

নিজের ভ্রমণ পরিকল্পনার কথাও জানিয়ে বাসার লেখেন, ‘আমি ঠিকঠাক আছি। কিছুদিন এপ্রান্তে ওপ্রান্তে ঘুরবো প্ল্যান করেছি। দোয়া রাখবেন যেন সুস্থতার সাথে একটা সুন্দর ভ্রমণ শেষে ফিরতে পারি।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews