ফিফা বিশ্বকাপ ২০২৬-এর জন্য মেক্সিকোর সীমান্ত শহর তিহুয়ানায় কঠোর নিরাপত্তার মধ্যে অনুশীলন করছে ইরান দল। তবে দলটির বেস ক্যাম্পের কাছেই একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ইরান দল বর্তমানে তিহুয়ানা শহরের একটি হোটেলে অবস্থান করছে, যার কাছেই অবস্থিত কালিয়েন্তে স্টেডিয়াম দলটির নিয়মিত অনুশীলন ভেন্যু। স্টেডিয়ামের উল্টো পাশে একটি সুপারমার্কেটের পার্কিং লটে কয়েকদিন ধরে পড়ে থাকা একটি গাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে গাড়ির ট্রাঙ্ক খুলে কালো প্লাস্টিকের ব্যাগে মোড়ানো এক ব্যক্তির পচনশীল মরদেহ উদ্ধার করে। 

তদন্তকারীরা জানিয়েছেন, মরদেহে স্পষ্ট সহিংসতার চিহ্ন রয়েছে এবং ধারণা করা হচ্ছে গাড়িটি কয়েকদিন আগেই সেখানে ফেলে রাখা হয়েছিল। ঘটনাস্থলে ফরেনসিক টিম বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার অল্প সময় পরেই কড়া নিরাপত্তার মধ্যে ইরান দল স্টেডিয়াম ত্যাগ করে।

যুক্তরাষ্ট্র-ইরান চলমান উত্তেজনার কারণে আগে যুক্তরাষ্ট্রে ক্যাম্প করার পরিকল্পনা বাতিল করে শেষ মুহূর্তে মেক্সিকোতে অনুশীলন শুরু করে দলটি। তবে এমন ঘটনায় তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, মেক্সিকোর সীমান্তবর্তী এই শহরটি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধ ও মাদক কার্টেল সহিংসতার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। সরকারি তথ্যমতে, গত বছরই শহরটিতে এক হাজারের বেশি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে।

বর্তমানে ইরান দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে হোটেল ও স্টেডিয়ামের মধ্যে আনা-নেওয়া করা হচ্ছে। এদিকে মেক্সিকান কর্তৃপক্ষ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে, তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তথ্য সূত্র- ব্যারন্স, ইয়াহু নিউজ।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews