অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় আছে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের নাম। তিনি ঢাকা–১৮ সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে অংশ নিয়ে ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট পেয়েছেন। তিনি ছাড়াও এনসিপির ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামের নামও উত্তর সিটিতে দলের মেয়র প্রার্থী হওয়ার আলোচনায় রয়েছে।
আরিফুল ইসলাম এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকার দুই সিটির নির্বাচন নিয়ে এনসিপিতে প্রাথমিক আলোচনা হয়েছে। শিগগিরই আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করা হবে।