পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নেওয়াজ লাহোর ও পাঞ্জাবের হারানো চলচ্চিত্রের গৌরব ফিরিয়ে আনতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। লাহোরে ৫০ একর জায়গাজুড়ে একটি অত্যাধুনিক ‘ফিল্ম সিটি’ নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই উচ্চাভিলাষী প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন।
মারিয়াম নেওয়াজ জানান, এই ফিল্ম সিটিতে বিশ্বমানের স্টুডিও, সাউন্ড স্টেজ, উন্নত মানের ভিএফএক্স এবং পোস্ট-প্রোডাকশন ল্যাব থাকবে। এছাড়া নতুন শিল্পীদের প্রশিক্ষণের জন্য একটি ফিল্ম ও মিউজিক স্কুল এবং বড় অনুষ্ঠানের জন্য কনভেনশন হল নির্মাণ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে লাহোরকে চলচ্চিত্রের গ্লোবাল হাবে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে। পাঞ্জাবের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আজমা বোখারি জানিয়েছেন, এই খাতের পুনরুজ্জীবনের জন্য সরকার প্রাথমিকভাবে ২ বিলিয়ন রুপি বরাদ্দ করেছে। পাশাপাশি স্থানীয় চলচ্চিত্র নির্মাতাদের আর্থিক সহায়তার জন্য বিশেষ তহবিলের ঘোষণা দেওয়া হয়েছে, যার আওতায় ৩২ জন নির্মাতা প্রত্যেকে ৩ কোটি রুপি করে অনুদান পাবেন। এছাড়া সিনেমার খরচ কমাতে প্রেক্ষাগৃহগুলোকে সৌরশক্তিতে রূপান্তরের উদ্যোগও নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর মতে, এই ফিল্ম সিটি কেবল বিনোদন নয়, হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে পাকিস্তানি মেধাকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করবে। সূত্র : ডন।