মুসলিম সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে পাতানো নির্বাচন-পরবর্তী ভারতে সংঘটিত সহিংস কর্মকাণ্ডকে মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি বলে আখ্যায়িত করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। 

সোমবার বিকালে সংগঠনটির হাটহাজারী উপজেলা শাখার আহ্বানে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। 

মুফতি মোহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের আমির বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা কোনো সভ্য, গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্রব্যবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। 

তিনি ভারতের মুসলমানদের ওপর চলমান নির্যাতনের আনুষ্ঠানিক নিন্দা এবং কূটনৈতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন হেফাজতের আমির। 

এছাড়া পশ্চিমবঙ্গ ও আসামে সংখ্যালঘু মুসলমানদের ওপর সহিংসতার প্রতিবাদে আগামী শুক্রবার চট্টগ্রাম মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা করেন তিনি। 

হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক এমরান সিকদার ও কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তৃতা করেন হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব জাকারিয়া নোমান ফয়েজী।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews