মহান মুক্তিযুদ্ধের অগ্নিগর্ভ বাস্তবতা থেকে বাংলাদেশের জন্ম। এই সত্যকে অস্বীকার করা বা এর ইতিহাসকে বিকৃত করার যেকোনো প্রচেষ্টাকে জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিজয়ও দেখিয়ে দিল, মুক্তিযুদ্ধের মূল্যবোধ এখনো জাতির রাজনৈতিক সিদ্ধান্তে একটি নির্ণায়ক ফ্যাক্টর।
গত দেড় বছরে বিএনপির চাঁদাবাজি, জমি দখল, মিথ্যা মামলা, আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর হামলা ও বাড়িঘর পোড়ানোর মতো ঘটনাগুলোর পরও আওয়ামী লীগের বহু ভোট বিএনপির ব্যালটে পড়েছে।
শুধু আওয়ামী লীগ নয়, আমার পরিচিত অনেকেই, যাঁরা কোনো দলীয় রাজনীতির সমর্থক নন, তাঁরাও এবার ধানের শীষে ভোট দিয়েছেন। কারণ একটাই, যারা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর দোসর হয়ে গণহত্যায় অংশ নিয়েছিল এবং আজও সেই দায় স্বীকার করার নৈতিক সাহস দেখাতে পারেনি, তাদের ওপর জনগণের আস্থা নেই।