কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত সাত জনের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে নিহতদের দাফন-কাফনের খরচ হিসেবে পরিবার প্রতি ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসা সহায়তায় ১৫ হাজার টাকা করে প্রদান করা হবে।

দাউদকান্দি থানা পুলিশ সূত্রে জানা যায়, গতরাত আনুমানিক সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় চট্টগ্রামমুখী একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয় এবং আরও ছয় জন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা সবাই দিনাজপুর জেলার বাসিন্দা এবং পেশায় দিনমজুর ছিলেন। তারা কম খরচে যাতায়াতের জন্য ট্রাকে করে কাজের সন্ধানে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।

নিহতরা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার মো. আজাদের পুত্র আফজাল হোসেন (৩৫), আলমের পুত্র সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের পুত্র সালেক (৪৫), বিরামপুর উপজেলার ভাইঘর এলাকার পলাশের পুত্র সুমন (২১), একই গ্রামের বিষ্ণু (৩৫), মজিরুল ইসলামের পুত্র আবু হোসেন (৩০) এবং রাকিবুল্লাহর পুত্র আব্দুর রশিদ (৫৫)।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews